সব কেন্দ্রই গুরুত্বপূর্ণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর সোনাগাজী পৌরসভার নয়টি ওয়ার্ডের নয়টি ভোটকেন্দ্রই গুরুত্বপূর্ণ। এদিকে নির্বাচনের সব প্রস্তুতি শেষ করা হয়েছে।
কাল রোববার সোনাগাজী পৌরসভা নির্বাচনের ভোট গ্রহণ করা হবে।
রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. মোজাম্মেল হোসেন বলেন, পৌরসভার নয়টি ভোটকেন্দ্রকেই অধিক গুরুত্বপূর্ণ (ঝুঁকিপূর্ণ) বলে ঘোষণা করে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হচ্ছে। তিনি বলেন, গতকাল শুক্রবার নির্বাচনী দায়িত্ব পালনকারী প্রিসাইডিং, সহকারী প্রিসাইডিং ও পোলিং কর্মকর্তাদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
পৌরসভার মোট ভোটার ১৪ হাজার ১৯০ জন। এর মধ্যে পুরুষ ৭ হাজার ১৮৭ জন ও নারী ৭ হাজার ৩ জন।
সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির বলেন, কেউ কেন্দ্রে গোলযোগ সৃষ্টি করতে চাইলে তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালত ব্যবস্থা নেবেন।
এদিকে গতকাল শুক্রবার নির্বাচনী প্রচারণা শেষ হয়েছে। আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী রফিকুল ইসলাম ওরফে খোকন জয়ের ব্যাপারে দৃঢ় আশাবাদ ব্যক্ত করে বলেন, ভোটাররা এলাকার উন্নয়নের জন্য তাঁকে ভোট দেবেন।
বিএনপির প্রার্থী বর্তমান মেয়র জামাল উদ্দিন জয়ের ব্যাপারে আশাবাদী। তিনি বলেন, ভোটাররা ঠিকমতো কেন্দ্রে গিয়ে নিজের ব্যালটে নিজে সিল মারতে পারলে তিনি অবশ্যই বিজয়ী হবেন।
এদিকে গত বৃহস্পতিবার আওয়ামী লীগের প্রার্থীর সমর্থনে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন স্বতন্ত্র মেয়র পদপ্রার্থী যুবলীগের নেতা নাসির উদ্দিন ও শেখ সেলিম। নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়ে তাঁরা আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে প্রচারণায় অংশ নেন।