সব কোর্টই মুজিব কোটের পকেটে বন্দী: গয়েশ্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট—সব কোর্টই এখন মুজিব কোটের পকেটে বন্দী। এই পকেট ছিঁড়তে না পারলে কেউ ন্যায়বিচার পাবে না, বিচারকদের বিবেক জাগ্রত হবে না।
গতকাল রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে আমার দেশ-এর ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের মুক্তি ও পত্রিকাটি খুলে দেওয়ার দাবিতে আয়োজিত এক মানববন্ধনে গয়েশ্বর এসব কথা বলেন। বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এই মানববন্ধনের আয়োজন করে।
গয়েশ্বর রায়ের দাবি, বিচারকেরা আইনজীবীদের শুনানি শোনেন না। কারণ, তাঁরা সে অনুযায়ী রায় লিখতে পারেন না। বরং তাঁরা একটি ইশারার আশায় বসে থাকেন। সেই ইশারা এলে সে অনুযায়ী রায় লিখতে হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশে গয়েশ্বর বলেন, ‘খালেদা জিয়া আন্দোলন করতে পারুন আর না পারুন, বিএনপি আন্দোলন করতে পারুক আর না পারুক, খুব তাড়াতাড়ি আপনার পতন নিশ্চিত।’
বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বলেন, তাঁরা উপজেলা নির্বাচন মানেন না। এই নির্বাচনে স্বয়ং নির্বাচন কমিশন ডাকাতি করেছে। তিনি নতুন করে উপজেলা নির্বাচন দেওয়ার দাবি জানান।
অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সহ-উপাচার্য আ ফ ম ইউসুফ হায়দার, ড্যাবের মহাসচিব এ জেড এম জাহিদ হোসেন, সাংবাদিক নেতা রুহুল আমিন গাজী, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ প্রমুখ।