সব ক্ষেত্রে নারীর পেশাগত শ্রমের মর্যাদা দিতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জে বাংলাদেশ মহিলা পরিষদ আয়োজিত বিভাগীয় কৃষক নারী সমাবেশে বক্তারা বলেছেন, একজন নারী সবার আগে ঘুম থেকে ওঠেন। আবার সবার পরে ঘুমাতে যান। ঘরের প্রতিটি কাজের সঙ্গে একজন নারী যেমন জড়িত, তেমনি নানা পেশায় তাঁরা একজন পুরুষের সমান শ্রম দিয়ে যাচ্ছেন। কিন্তু সেই শ্রমের মর্যাদা ও প্রাপ্য মজুরি তাঁরা পাচ্ছেন না। নারীকে সব ক্ষেত্রে তাঁর পেশাগত, সামাজিক ও অর্থনৈতিক মর্যাদা দিতে হবে।সুনামগঞ্জ শহরের পৌর ভবন চত্বরে গতকাল শুক্রবার এই কৃষক নারী সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার কৃষিসহ বিভিন্ন পেশায় জড়িত তিন সহস্রাধিক নারী অংশ নেন। জেলা মহিলা পরিষদের সভানেত্রী শীলা রায়ের সভাপতিত্বে সমাবেশে স্বাগত বক্তব্য দেন জেলা শাখার সাধারণ সম্পাদিকা গৌরী ভট্টাচার্য। এ ছাড়া বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদিকা রাখী দাশ পুরকায়স্থ, কেন্দ্রীয় প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদিকা সীমা মোসলেম, সিলেট জেলা শাখার সভানেত্রী খুশি চৌধুরী, সুনামগঞ্জ জেলা শাখার সহসভানেত্রী নাসরিন খানম প্রমুখ। রাখী দাশ পুরকায়স্থ তাঁর বক্তব্যে বলেন, ‘নারীকে এখনো দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবে দেখা হয়। এই দৃষ্টিভঙ্গি বদলাতে হবে। নারী তাঁর কাজের প্রাপ্য মর্যাদা পাচ্ছেন না। সব ক্ষেত্রে বৈষম্যের শিকার হচ্ছেন। এটা পরিবার থেকে যেমন হচ্ছেন, তেমনি সমাজ ও রাষ্ট্র সব ক্ষেত্রেই লক্ষ করা যায়। শুধু কৃষি নয়, চা-শ্রমিক, নির্মাণশ্রমিক সব ক্ষেত্রেই আমরা নারীর পেশাগত মর্যাদা চাই। মজুরি বৈষম্যের অবসান চাই।’সীমা মোসলেম বলেন, ‘ইতিহাস বলে, কৃষি আবিষ্কার করেছেন নারী। শুরু থেকেই নারী কৃষির সঙ্গে জড়িত। নারী মাঠে ও ঘরে—সব জায়গাতেই কাজ করেন। কিন্তু কৃষক হিসেবে তাঁদের পেশার কোনো স্বীকৃতি নেই। তাঁদের সেই শ্রম অর্থনীতিতে যুক্ত হচ্ছে না।’ সমাবেশের আগে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।