সংস্কৃতি সংবাদ সম্মিলিত সাংস্কৃতিক জোটের অনুষ্ঠানমালা শুরু
সব ক্ষেত্রে বাংলার ব্যবহার নিশ্চিত করার আহ্বান
একুশের প্রেরণা ইতিহাসের বাঁকে বাঁকে জাতিকে দেখিয়েছে বিকাশের পথ। মানুষের মুক্তির পথ রচনায়, ভাষার অধিকার প্রতিষ্ঠার দাবিতে বাঙালি ছাত্র-জনতার রক্তস্নাত অর্জন একুশে ফেব্রুয়ারি আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে বিশ্বব্যাপী উদ্যাপিত হচ্ছে। কিন্তু অবাক লাগে, যখন দেখি একুশে ফেব্রুয়ারির মর্যাদা নিজ মাটিতেই অবহেলিত।গতকাল সোমবার বিকেলে সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে ১৪ দিনব্যাপী একুশের অনুষ্ঠান উদ্বোধনকালে এভাবেই আক্ষেপ প্রকাশ করলেন বক্তারা। এ সময় একমাত্র আন্তর্জাতিক যোগাযোগ ছাড়া অভ্যন্তরীণ সব ক্ষেত্রে বাংলা ভাষার ব্যবহার শতভাগ নিশ্চিত করার দাবি জানানো হয়। ঘোষণা দেওয়া হয়, যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে ১ মার্চ থেকে দেশব্যাপী সাংস্কৃতিক অভিযাত্রা পরিচালনা করবে।বুকের খুনে যুদ্ধ জারি/ অমর একুশ ফেব্রুয়ারি—স্লোগান সামনে রেখে কেন্দ্রীয় শহীদ মিনারে ১৪ দিনের অমর একুশের অনুষ্ঠানমালার উদ্বোধন করেন অর্থমন্ত্রী ও ভাষাসৈনিক আবুল মাল আবদুল মুহিত। জোটের সভাপতি নাসির উদ্দীন ইউসুফের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন অধ্যাপক আনিসুজ্জামান, নাট্যজন রামেন্দু মজুমদার, আসাদুজ্জামান নূর, লিয়াকত আলী, গোলাম কুদ্দুছ ও হাসান আরিফ। অনুষ্ঠানের শুরুতে শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য নিবেদন শেষে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। জাতীয় সংগীত পরিবেশন করেন ছায়ানটের শিল্পীরা। এ সময় গলা মেলান উপস্থিত দর্শক-শ্রোতাও। এরপর গাওয়া হয় ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গানটি। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফ, ঘোষণাপত্র পাঠ করেন মফিদুল হক। মাসকুর এ সাত্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে একক সংগীত পরিবেশন করেন মিতা হক, তিমির নন্দী ও ইফফাত আরা নার্গিস। দলীয় সংগীত পরিবেশন করে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট। নাটক পরিবেশন করে বঙ্গরঙ্গ নাট্যদল।তিন দেশের ছয় আলোকচিত্রীর ছবি গ্যেটে ইনস্টিটিউটেচারদিকে পানির ফোয়ারা ছুটিয়ে কাপড় ধোয়া হচ্ছে। অন্যদিকে তাকালেই দেখা যাচ্ছে শ্রমিকদের ট্রাকে আখ বোঝাই করার ঘটনা। একটু পাশে তাকাই, ময়লার ভেতরেই জীবন ওদের, সকাল-সন্ধ্যা শহরের ময়লা পরিষ্কার করার কাজটি তারাই করে। সমাজের উঁচু স্তরের মানুষের কাছ থেকে এরা কোনো সাহায্য-সহানুভূতি পায় না। আবার শহরের মধ্যবিত্ত পরিবারের এক নিঃসঙ্গ নারীর ছাদে দাঁড়িয়ে থাকার ছবিটি দেখেও ভারাক্রান্ত হয় মন।ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার ছয়জন আলোকচিত্রীর ছবি নিয়েই ছিল গতকালের আয়োজন। ভারতের বিভিন্ন শহর এবং এর বর্তমান পরিবেশকে কেন্দ্র করে তোলা ছবির এই প্রদর্শনীর নাম ‘আরবান এইজেস’। উদ্বোধন হয় গ্যেটে ইনস্টিটিউটে। বিশ্বায়নের যুগে নিম্নবিত্ত মানুষের জীবনধারা ও পারিপার্শ্বিক বিপর্যয়ের চিত্রগুলো ধরা পড়েছে প্রদর্শনীর ৪৭টি ছবিতে। উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের পরিবেশবিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগের প্রধান মিজান আর খান। তিনি বলেন, ‘দিন দিন আমাদের চারপাশ সংকীর্ণ হয়ে আসছে, যার প্রভাবে আমরা অসুস্থ হয়ে পড়ছি।’জার্মান ফটোগ্রাফার আন্দ্রে কুনজিকের তত্ত্বাবধানে এই পাঁচ ফটোগ্রাফার মুম্বাইয়ের গ্যেটে ইনস্টিটিউটে কর্মশালা করার সময় ছবিগুলো তোলেন। সোহেল আবদুল্লাহ, ক্লেয়ার আর্নি, জগত্ ধায়েরাসেকারা, বিবেক এম, মহেশ সান্তারাম, আলেফি আকবরালির ছবিগুলো দেখার মতোই। প্রদর্শনী চলবে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত।শিক্ষার্থীদের ক্যানভাসে বিচিত্রশেষ হলো ইউনিভার্সিটি অব ডেভেলমমেন্ট অলটারনেটিভ চারুকলার চতুর্থ বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনী। ২৩ জানুয়ারি শুরু হওয়া পক্ষকালব্যাপী এ প্রদর্শনী শেষ হয় গতকাল।প্রদর্শনীতে চারুকলা অনুষদের বিএফএ ও এমএফএ প্রোগ্রামের ১৫০ জনেরও বেশি শিক্ষার্থী অংশ নেয়। অঙ্কন ও চিত্রায়ণ, গ্রাফিক ডিজাইন ও ছাপচিত্র বিভাগের শিক্ষার্থীদের সৃষ্টি করা ২৫০টিরও অধিক শিল্পকর্ম দিয়ে সাজানো হয় এখানকার প্রদর্শনী কক্ষগুলো। বিএফএ ও এমএফএ প্রোগ্রামের শিক্ষার্থীদের কাজের মূল্যায়ন করে বিভিন্ন ক্যাটাগরিতে ২৫ জন শিক্ষার্থীকে পুরস্কারের জন্য মনোনীত করা হয়। শিল্পকর্ম মূল্যায়নের জন্য একটি জুরি কমিটি গঠন করা হয়। কমিটির প্রধান ছিলেন অধ্যাপক আবুল বারক আলভী। পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে ১২তম ব্যাচের মো. কামরুজ্জোহাকে দেওয়া হয় সম্মিলিতভাবে বেস্ট পার্টিসিপেন্ট (সব মাধ্যম) পুরস্কার।