সব খাতে কর অবকাশ সুবিধা দিতে সুপারিশ
বিনিয়োগের সব খাতে কর অবকাশ-সুবিধা দেওয়ার সুপারিশ করেছে অর্থ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। গতকাল মঙ্গলবার বিকেলে সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এই সুপারিশ করা হয়।
এ ছাড়া কমিটি কর অবকাশ-সুবিধা পাওয়া প্রতিষ্ঠানগুলোকে পুঁজিবাজারে আনার ব্যবস্থা নেওয়া এবং দেশের সামগ্রিক করহার কমিয়ে করের আওতা বাড়ানোর সুপারিশ করেছে। বৈঠক শেষে কমিটির সভাপতি আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের এ তথ্য জানান।
সভাপতি বলেন, বর্তমানে ১৭টি খাত কর অবকাশ-সুবিধা পাচ্ছে। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর এক হাজার ২০৬টি প্রতিষ্ঠান কর অবকাশ-সুবিধার আওতায় ছিল। বর্তমানে তা কমে ৫৯টিতে দাঁড়িয়েছে। কমিটি উৎপাদনশীল ও কর্মসংস্থান সৃষ্টি করছে, এমন খাতে এই সুবিধা দেওয়ার সুপারিশ করেছে। এ ছাড়াও কর অবকাশ-সুবিধা পাওয়া প্রতিষ্ঠানগুলোকে পুঁজিবাজারে আনা যায় কি না, সেটাও খতিয়ে দেখতে বলা হয়েছে।
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ১৩ মে এক অনুষ্ঠানে জানিয়েছেন, ২০১৩ সালে যাদের কর অবকাশ-সুবিধা শেষ হয়ে যাচ্ছে, তারা আরও দুই বছর এই সুবিধা পাবে।
সামগ্রিক করহার কমানোর সুপারিশ প্রসঙ্গে মুস্তফা কামাল বলেন, করহার কমিয়ে এর আওতা বাড়ানো হলে করদাতার সংখ্যা বাড়বে। এতে বেশি কর আহরণ সম্ভব হবে। দৃষ্টান্ত টেনে তিনি বলেন, ‘সিঙ্গাপুরে আয়করের সর্বোচ্চ সীমা ১৭ শতাংশ। অথচ আমরা ২৫ শতাংশ দিচ্ছি। বাংলাদেশে টিআইএনধারীর সংখ্যা ৪৮ লাখ। আর কর দেয় ২০ লাখ ৫৯ হাজার।’ কমিটি করপোরেট ট্যাক্স কমানোর সুপারিশ করেছে বলেও মুস্তফা কামাল জানান।
সংসদ সচিবালয় থেকে জানানো হয়েছে, বৈঠকে দেশের শিল্পায়ন ও বিনিয়োগ বাড়াতে ব্যাংক ঋণের সুদের হার কমানোর সুপারিশও করা হয়েছে। এ ছাড়া পুঁজিবাজারের স্থিতিশীলতা আনার জন্য সরকারি প্রতিষ্ঠানগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত করার পরামর্শ দেওয়া হয়। আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, আলী আশরাফ, এ কে এম মাঈদুল ইসলাম, এম এ মান্নান ও গোলাম দস্তগীর গাজী উপস্থিত ছিলেন।