সব গাছে পুরুষ ফুল বিপাকে তরমুজচাষি
রাজশাহীর পবা উপজেলায় গেটকো এগ্রো ভিশন কোম্পানি লিমিটেডের বীজ নিয়ে তরমুজ চাষ করে বিপাকে পড়েছেন কয়েকজন চাষি। তাঁদের চাষ করা তরমুজের গাছে ফুল হয়েছে প্রচুর, কিন্তু ফল হয়নি একটিও।
উপজেলা কৃষি কর্মকর্তা মনজুরে মাওলা বলেন, ‘খেত পরিদর্শন করেছি। ওই সব খেতের সব ফুল পুরুষ। এ জন্য বীজ কোম্পানি দায়ী। তারা যে হাইব্রিড বীজ সরবরাহ করেছে, তাতেই গোলমাল হয়েছে। ক্ষতি পুষিয়ে দেওয়ার জন্য কোম্পানির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে কৃষকদের আমরা সহযোগিতা করব।’
কোম্পানিটির রাজশাহীর বিক্রয় কর্মকর্তা মোহাম্মদ আবদুল্লাহ বলেন, ওই সব খেত খুব উর্বর। এ জন্য তিনি গাছের গোড়ায় পটাশ সার ব্যবহার করতে বলেছিলেন। যে মাত্রায় তিনি পটাশ ব্যবহার করতে বলেছিলেন, চাষিরা তা করেননি। এ ছাড়া তিনি হরমোন জাতীয় ওষুধ ব্যবহারেরও পরামর্শ দিয়েছেন।
বায়া এলাকার বর্গাচাষি সাক্কার আলী এবং তাঁর খালাতো ভাই গোলাম মোস্তফা বলেন, তাঁরা ওমরপুর এলাকার শহীদুল ইসলামের দোকান থেকে গেটকো এগ্রো ভিশন কোম্পানি লিমিটেডের হাইব্রিড বীজ কেনেন। আড়াই বিঘা জমিতে তাঁরা ১ হাজার ৭০০ টাকার বীজ কিনেছেন।
হাউমাউ করে কেঁদে সাক্কার আলী বলেন, ছেলেকে সঙ্গে করে রাতদিন তরমুজের ভুঁইয়ে পড়ে থেকেছেন। গাছ হয়েছে ভালো, ফুট ফুটেছে অনেক। কিন্তু একটি তরমুজও আসেনি। কথা বলতে গেলে বীজের দোকানি দুর্ব্যবহার করে দোকান থেকে বের করে দিয়েছেন।
একই অবস্থা হয়েছে জুসকাই গ্রামের কৃষক আকরাম হোসেনের জমিতে। তিনিও আড়াই বিঘা জমিতে তরমুজ চাষ করেছেন। আকরাম বলেন, তিনিও শহীদুলের দোকান থেকে হাইব্রিড বীজ নিয়েছেন।
বীজ দোকানি শহীদুল ইসলাম বলেন, তিনি গেটকো এগ্রো ভিশন কোম্পানি লিমিটেডের বীজ বিক্রি করেন। বীজ থেকে গাছ না হলে তিনি দায়ী। কিন্তু তরমুজ না ধরলে তো তাঁর কিছু করার নেই। এ নিয়ে কারও সঙ্গে দুর্ব্যবহার করা হয়নি।