দুষ্কৃতকারীদের দেওয়া আগুনে ক্ষতিগ্রস্ত টাঙ্গাইলের ভূঞাপুরের ফলদা সার্বজনীন কালীমন্দির গতকাল বুধবার পরিদর্শন করেছেন প্রাবন্ধিক ও কলাম লেখক সৈয়দ আবুল মকসুদ। তিনি সাম্প্রতিক সময়ে হিন্দুদের বাড়িঘর ও উপাসনালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা তদন্তের জন্য অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে কমিশন গঠনের দাবি জানান।এ সময় মন্দির প্রাঙ্গণে স্থানীয় লোকজনের উদ্দেশে বক্তৃতাকালে আবুল মকসুদ বলেন, ‘যে রাষ্ট্রে মাটির মূর্তি পর্যন্ত নিরাপদ নয়, সেখানে মানুষের জীবনসহ কোনো কিছুই নিরাপদ নয়। একাত্তরে আমরা মুক্তিযুদ্ধের মাধ্যমে একটি নিরাপদ রাষ্ট্র ও শান্তিপূর্ণ সমাজ চেয়েছিলাম। কিন্তু আজ সমাজবিরোধীরা বাংলাদেশকে একটি হিংস্র রাষ্ট্রে পরিণত করেছে।’ এ সময় ভূঞাপুর পৌরসভার মেয়র মাসুদুল হক, গণফোরাম কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণ সম্পাদক রফিকুল ইসলাম, ওই মন্দির পরিচালনা কমিটির সভাপতি সরন দত্ত ও সাধারণ সম্পাদক সন্তোষ কুমার দত্ত বক্তব্য দেন। এর আগে সকালে টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. আনিছুর রহমান মিঞা, পুলিশ সুপার সালেহ মোহাম্মদ তানভীর মন্দিরটি পরিদর্শন করেন। এ সময় তাঁরা স্থানীয় হিন্দু জনগণকে সান্ত্বনা জানান এবং দুষ্কৃতকারীদের খুঁজে বের করে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। শতাধিক বছরের পুরোনো ফলদা সার্বজনীন কালীমন্দিরের কালী প্রতিমা গত সোমবার গভীর রাতে দুষ্কৃতকারীরা আগুন দিয়ে পুড়িয়ে দেয়।