সব চালের দাম চড়া বেড়েছে তেল-ডালও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর পাইকারি বাজারে সব ধরনের চালের দাম বেড়েছে। এক দিনের ব্যবধানে সবচেয়ে বেড়েছে সুপার পাম ও পাম তেলের দাম। এ ছাড়া আদা, রসুন, ডাল ও চিনির দামও গত সপ্তাহের তুলনায় বেড়েছে। চাল: রাজধানীর বাবুবাজারের চাল ব্যবসায়ী মনির হোসেন জানান, গত বৃহস্পতিবার প্রতি কেজি মিনিকেট চালের দাম ছিল ৩৬ টাকা ৯৮ পয়সা থেকে ৩৮ টাকা চার পয়সা। গতকাল তা বিক্রি হয়েছে ৩৭ টাকা ৫১ পয়সা থেকে ৩৮ টাকা ৮৫ পয়সায়। একইভাবে অন্যান্য চালের দামও বেড়েছে। এ বাজারের আরেক ব্যবসায়ী আবুল কালাম জানান, বাজারে চাহিদা ও বিক্রি কম। তবু কেন দাম বাড়ছে, তা বোঝা যাচ্ছে না। রাজধানীর পাইকারি বাজারে মোটা চাল বিক্রি হচ্ছে ২৮ টাকার ওপরে। আর খুচরা বাজারে ২৯-৩০ টাকায় তা বিক্রি হচ্ছে। গতকাল বাবুবাজারে প্রতি কেজি মিনিকেট ৩৭ টাকা ৫১ পয়সা থেকে ৩৮ টাকা ৮৫ পয়সা, নাজিরশাইল ৩৬ টাকা ১৭ পয়সা থেকে ৪২ টাকা ৮৭ পয়সা, হাসকি নাজির ৩২ টাকা ১৫ পয়সা থেকে ৩৩ টাকা ৫০ পয়সা, লতা (বিআর-২৮) ৩৩ টাকা ৫০ পয়সা থেকে ৩৬ টাকা ১৭ পয়সা, পারিজা ৩৩ টাকা ৫০ পয়সা থেকে ৩৪ টাকা ৮১ পয়সা এবং মোটা চাল ২৮ টাকা ১৪ পয়সা কেজি দরে বিক্রি হয়েছে। কারওয়ান বাজারের খুচরা চাল ব্যবসায়ী আল্লারদান রাইস এজেন্সির মালিক নূরুল আমিন বলেন, তাঁর পরিচিত এক ক্রেতার কাছে গতকাল তিনি ৫০ কেজি ওজনের এক বস্তা পারিজা চাল এক হাজার ৬৪০ টাকায় বিক্রি করেন। তাঁর দোকানে ওই চাল না থাকায় তিনি এক হাজার ৭৪০ টাকায় ওই চাল এনে ক্রেতাকে দেন। গতকাল কারওয়ান বাজারে খুচরা প্রতি কেজি মিনিকেট ৩৯ থেকে ৪১ টাকা, নাজিরশাইল ৪০ থেকে ৪৬ টাকা, হাসকি ৩৩ থেকে ৩৫ টাকা, লতা (বিআর-২৮) ৩২ থেকে ৩৬ টাকা, পারিজা ৩৩ থেকে ৩৫ টাকা ও মোটা চাল ২৯-৩০ টাকায় বিক্রি হয়েছে। ভোজ্যতেল: গত বৃহস্পতিবার পুরান ঢাকার মৌলভীবাজারে প্রতি কেজি সয়াবিন তেল বিক্রি হয়েছে ৭৩ টাকা ৪২ পয়সা, গতকাল শনিবার তা বিক্রি হয়েছে ৭৩ টাকা ৬৮ পয়সা। গত বৃহস্পতিবার প্রতি কেজি সুপার পাম ছিল ৬৯ টাকা ১৩ পয়সা, গতকাল তা বিক্রি হয়েছে ৭১ টাকা ৮১ পয়সা এবং পাম ছিল ৬৬ টাকা ৯৯ পয়সা, গতকাল তা হয়েছে ৬৮ টাকা ৩৩ পয়সায়। বিশ্ববাজারে দাম বেড়ে যাওয়ায় দেশের বাজারেও দম বেড়েছে বলে ব্যবসায়ীরা দাবি করেন। খুচরা বাজারে গতকাল প্রতি কেজি সয়াবিন ৮০ টাকা, সুপার পাম ৭৫ টাকা এবং পাম তেল ৭২ টাকায় বিক্রি হয়েছে। ডাল: পুরান ঢাকার রহমতগঞ্জে গতকাল প্রতি কেজি ভালো মানের মসুর ডাল বিক্রি হয়েছে ৯৫ থেকে ৯৬ টাকা, দেশি মসুর ডাল ৮৬ থেকে ৯০ টাকা, বোল্ডার ৭২ থেকে ৭৫ টাকা, খেসারি ৩৬ থেকে ৩৮ টাকা, মুগ ডাল ১০০ থেকে ১০৫ টাকা ও অ্যাংকার ২৩-২৪ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। গতকাল খুচরা বাজারে প্রতি কেজি ভালো মানের মসুর ডাল ১০৫ টাকা, বোল্ডার ৭৫ থেকে ৭৮ টাকা, খেসারি ৪৫ থেকে ৪৮ টাকা, মুগ ডাল ১১০ টাকা, অ্যাংকার ২৮ টাকা। চিনি: মৌলভীবাজারের ব্যবসায়ীরা জানান, গতকাল তাঁদের বাজারে প্রতি মণ চিনির সরবরাহ আদেশ (ডিও) বিক্রি হয়েছে এক হাজার ৩৭০ টাকা। কিন্তু তৈরি চিনি বিক্রি হয়েছে এক হাজার ৪৫০ টাকায়। তাঁরা বলেন, মিল মালিকেরা তাঁদের কাছে বিপুল পরিমাণ চিনির সরবরাহ আদেশ বিক্রি করলেও চিনি সরবরাহ করছেন না। এ কারণে কেজিপ্রতি তিন থেকে চার টাকা বেশি দামে চিনি করতে হচ্ছে। গতকাল মৌলভীবাজারে প্রতি কেজি চিনি বিক্রি হয়েছে ৩৯ টাকা ৬৬ পয়সায়, খুচরা বাজারে তা ৪২ টাকায়।আদা-রসুন: এক সপ্তাহ আগেও প্রতি কেজি চীনা ৮৬ থেকে ৮৮ টাকা ছিল। গতকাল তা ৮৮-৮৯ টাকায় বিক্রি হয়েছে। সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি দেশি রসুন ৯০ থেকে ৯৫ টাকার বদলে ৯৮ থেকে ১০০ টাকায় বিক্রি হচ্ছে। একইভাবে চীনা রসুনের কেজি ছিল ১১০ থেকে ১১২ টাকা। বর্তমানে তা ১১৫-১১৬ টাকায় বিক্রি হয়েছে।