ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সব ছাত্রসংগঠনের সহাবস্থানের দাবি তুলেছেন বিশ্ববিদ্যালয়ের বিএনপি-জামায়াতপন্থী সাদা দলের শিক্ষকেরা। চল্লিশোর্ধ্ব, অছাত্র ও বিবাহিতদের নিয়ে গঠিত ছাত্রদলের কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটি গঠনের দুই দিন পরই তাঁরা এই দাবি তুললেন।গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টায় সাদা দলের আহ্বায়ক সদরুল আমিনের নেতৃত্বে শিক্ষকদের একটি দল উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিকের সঙ্গে তাঁর কার্যালয়ে দেখা করে এই দাবি জানান।সদরুল আমিন প্রথম আলোকে বলেন, ‘ছাত্রদলের নতুন কমিটি গত বুধবার উপাচার্যের সঙ্গে দেখা করতে চেয়েছিল। কিন্তু উপাচার্য সময় দিয়েও তাদের সঙ্গে সাক্ষাৎ করেননি। এই পরিস্থিতিতে আমরা তাঁর সঙ্গে সাক্ষাৎ করে সহাবস্থানের বিষয়ে কথা বলেছি।’নতুন কমিটিতে পদপ্রাপ্তদের ছাত্রত্ব না থাকা প্রসঙ্গে সদরুল আমিন বলেন, ‘আমি যত দূর জানি, সবাই ছাত্র।’ পরমুহূর্তে তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের সব সমাগমেই অছাত্ররা থাকে। হলগুলোতেও অনেক অছাত্র আছে। তখন তো কেউ প্রশ্ন তোলে না।’এ বিষয়ে উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে কমিটিকে দেখা করার সময় দেবেন তিনি।