সব ছাপিয়ে নিরাপত্তাই প্রধান উদ্বেগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ অর্থনীতিতে ভালো করছে, নানামুখী উন্নয়ন হচ্ছে এবং একটি মধ্যবিত্ত দেশ হওয়ার স্বপ্ন নিয়ে এগিয়ে যাচ্ছে। কিন্তু নিরাপত্তা নিশ্চিত করা না গেলে বাংলাদেশের সব স্বপ্ন ও সম্ভাবনা ধূলিসাৎ হয়ে যাবে।
যুক্তরাজ্যের লন্ডনে গতকাল বুধবার অনুষ্ঠিত ‘সেন্টার ফর নন রেসিডেন্ট বাংলাদেশিজ’-এর সম্মেলনে এভাবেই বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে আশঙ্কা ব্যক্ত করেন বক্তারা। প্রবাসীদের নানা সমস্যা এবং দাবিদাওয়া থাকলেও গুলশান ও শোলাকিয়ায় নজিরবিহীন সন্ত্রাসী হামলার ঘটনায় বিস্মিত তাঁরা। সবকিছু ছাপিয়ে নিরাপত্তা নিয়ে উদ্বেগের বিষয়টিই প্রাধান্য পায় তাঁদের কণ্ঠে।
ব্রিটিশ পার্লামেন্টের একটি সভাকক্ষে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। বিভিন্ন শ্রেণি-পেশার প্রবাসী বাংলাদেশিরা এতে অংশ নেন। ব্রিটিশ পার্লামেন্টের কয়েকজন এমপিও সম্মেলনে উপস্থিত ছিলেন। তাঁরা হলেন বাংলাদেশবিষয়ক সর্বদলীয় কমিটির চেয়ারম্যান ক্ষমতাসীন কনজারভেটিভ দলের অ্যান মেইন, পল স্কালি এবং লেবার পার্টির ডন বাটলার ও ভিরেন্দ্র শর্মা।
এমপি অ্যান মেইন বাংলাদেশে বিনিয়োগ সম্ভাবনার প্রশংসা করে বলেন, বিদেশিদের বিচরণের প্রাণকেন্দ্র গুলশানে সন্ত্রাসী হামলার ঘটনা বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে বিশ্বে অশনি সংকেত দিয়েছে। তিউনিসিয়ার সমুদ্রসৈকতে সন্ত্রাসী হামলা ঘটনার উদাহরণ টেনে তিনি বলেন, ওই ঘটনা যেমন দেশটিকে পর্যটনশূন্য করে দিয়েছে, তেমনি বাংলাদেশেও এ ধরনের ঘটনা দেশটিতে বিদেশি ও প্রবাসী বিনিয়োগে মারাত্মক প্রভাব ফেলার আশঙ্কা রয়েছে। তিনি বলেন, রাজনৈতিক স্থিতিশীলতাকে উপেক্ষা করে সমস্যার সমাধান সম্ভব হবে না।
অ্যান মেইন বলেন, গুলশানের সন্ত্রাসী হামলা এবং এর ফলে দৃশ্যমান হওয়া নিরাপত্তার মারাত্মক ঘাটতি নিয়ে বাংলাদেশবিষয়ক পার্লামেন্টারি কমিটির পক্ষ থেকে তিনি যুক্তরাজ্যস্থ বাংলাদেশ হাইকমিশনে চিঠি পাঠিয়েছেন।
কনজারভেটিভ দলের আরেক এমপি পল স্কালিও গুলশানের ঘটনার নিন্দা জানিয়ে বাংলাদেশে নিরাপত্তা ও ন্যায়বিচার নিশ্চিত করার আহ্বান জানান। তিনি বাংলাদেশের সম্ভাবনাগুলোকে বেশি বেশি তুলে ধরারও আহ্বান জানান।
‘সেন্টার ফর নন রেসিডেন্ট বাংলাদেশিজ’-এর চেয়ারপারসন শেকিল চৌধুরী বলেন, বাংলাদেশ বিনিয়োগকারী ও বিদেশিদের পক্ষে আছে। নিরাপত্তা নিশ্চিত করতে সরকার আন্তরিক বলে তিনি আশ্বস্ত করেন।
সম্মেলনে প্রবাসীদের জন্য আলাদা বিনিয়োগ কর্তৃপক্ষ গঠন, দূতাবাসগুলোর মাধ্যমে বিনিয়োগ-সুবিধা প্রচার এবং জাতীয় পরিচয়পত্র প্রদান ও প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মকে বাংলাদেশের প্রতি আকৃষ্ট করে তুলতে উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয়।