সব ছাপিয়ে প্রচারণায় নজরুল হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাগরিক সুবিধা আর উন্নয়নের প্রতিশ্রুতি—এত দিন খাগড়াছড়ির মাটিরাঙ্গা পৌরসভা নির্বাচনের প্রচারণার মূল বিষয় ছিল এগুলো। কিন্তু একটি খুনের ঘটনা বদলে দিয়েছে দৃশ্যপট। সবকিছু ছাপিয়ে ওই হত্যাকাণ্ড এখন প্রচারণার মূল বিষয় হয়ে দাঁড়িয়েছে।
গত মঙ্গলবার রাতে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে নজরুল ইসলাম নামের এক কৃষক খুন হন। আওয়ামী লীগ ও বিএনপি তাঁকে নিজেদের লোক বলে দাবি করছে।
মাটিরাঙ্গা পৌরসভা নির্বাচনে মেয়র পদে লড়ছেন মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি শামছুল হক, মাটিরাঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক বাদশা মিয়া ও ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আলী আশরাফ। তবে সরেজমিনে নৌকা ও ধানের শীষ প্রতীকের প্রচারণাই বেশি চোখে পড়েছে।
আওয়ামী লীগের প্রার্থী শামছুল হক গতকাল ৪ নম্বর ওয়ার্ডের আদর্শগ্রাম মধ্যমপাড়া, বাঁশিরাম কার্বারিপাড়া ও পলাশপুর এলাকায় গণসংযোগ করেন। আর বিএনপির প্রার্থী বাদশা মিয়া প্রচারণা চালান ২ নম্বর ওয়ার্ডের কামিনী সেন ত্রিপুরাপাড়া, নতুনপাড়া, আনসার ব্যাটালিয়ন সদর দপ্তরের পেছনের এলাকায়।
২০০২ সালে মাটিরাঙ্গা পৌরসভা গঠন করে বিএনপির এক নেতাকে প্রশাসক নিয়োগ করা হয়। এরপরের দুটি নির্বাচনে বিএনপি-সমর্থিত প্রার্থীরা জয়লাভ করেন।
অনেক ভোটারের অভিযোগ, গত ১৩ বছরে পৌরসভায় নাগরিক সুবিধা বাড়েনি। বিএনপির এই ‘ব্যর্থতাকে’ পৌরবাসীর কাছে তুলে ধরে উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে প্রচারণা চালিয়ে যাচ্ছিল আওয়ামী লীগ। আর বিএনপিও উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে তাদের আবারও সুযোগ দেওয়ার আহ্বান জানিয়ে প্রচারণা চালাচ্ছিল। হঠাৎ করে মঙ্গলবার রাতে নজরুল খুনের ঘটনা সব ওলট-পালট করে দিয়েছে। এ হত্যাকাণ্ডকে প্রচারণার মূল বিষয়ে পরিণত করছে আওয়ামী লীগ ও বিএনপি। দল দুটি নজরুলকে নিজেদের লোক দাবি করে ভোটারের ‘সহানুভূতি’ আদায়ের চেষ্টা করছে।
বিএনপির মেয়র পদপ্রার্থী বাদশা মিয়া কাগজপত্র দেখিয়ে প্রথম আলোকে বলেন, নজরুল উপজেলা কৃষক দলের জ্যেষ্ঠ সহসভাপতি। তাঁকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে, যাতে ভোটারদের মধ্যে ভীতি তৈরি করা যায়। তিনি বলেন, ‘সরকারি দল এখানে সুষ্ঠু নির্বাচন করতে দেবে না। নজরুলকে খুন করে তাঁরা আমাদের এই বার্তা দিয়েছে।’
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদিউল আলম বলেন, নজরুল মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত তাঁর সঙ্গে বিএনপির নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছিলেন। প্রচারণার কাজ শেষে রাতে বাড়ি ফেরার পথে তিনি খুন হন। এই হত্যাকাণ্ডের জন্য তিনি আওয়ামী লীগকে দায়ী করেন।
বিএনপির নেতাদের অভিযোগ উড়িয়ে দিয়ে আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী শামছুল হকও নথিপত্র দেখিয়ে প্রথম আলোকে বলেন, ‘আমরা বিএনপির ১৩ বছরের ব্যর্থতার বিষয়টি পৌরবাসীর কাছে তুলে ধরে উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছিলাম। জনগণ আমাদের দিকে ফিরে আসছিল। এ অবস্থায় নজরুলকে খুন করে আমাদের ওপর দায় চাপানোর অপচেষ্টা করছে বিএনপি। এই খুনের সঙ্গে আমাদের ন্যূনতম সম্পর্ক নেই।’
নিহত নজরুলকে যুবলীগের কর্মী দাবি করে শামছুল হক বলেন, ‘নজরুল ২০১৪ সালের ১১ নভেম্বরে যুবলীগে যোগ দিয়েছিলেন।’
গতকাল সকালে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের আদর্শ গ্রামে নজরুলের বাড়িতে তাঁর দ্বিতীয় ও তৃতীয় স্ত্রীর সঙ্গে কথা হয় প্রথম আলোর।
নজরুলের দ্বিতীয় স্ত্রী শরীফা বেগম বলেন, তাঁর স্বামী বিএনপির সমর্থক ছিলেন। তবে আওয়ামী লীগের কিছু লোকের চাপে তিনি মঙ্গলবার বিকেলে নৌকা প্রতীকের এক বৈঠকে অংশ নেন। কিন্তু নজরুল আওয়ামী লীগের বৈঠকের তথ্য বিএনপির কাছে পাচার করবেন—এই সন্দেহে সরকার-সমর্থকদের একটি অংশ তাঁকে হত্যা করেছে।
নজরুলের তৃতীয় স্ত্রী মিনারা বেগম বলেন, তাঁর স্বামীকে সন্ত্রাসীরা হুমকি দিয়ে আসছিল।
এলাকার চা দোকানি মো. আবুল হাশেম প্রথম আলোকে বলেন, ‘নজরুল আমার দোকানে চা খেয়ে রাত পৌনে আটটার দিকে বাড়ির দিকে যান। কিছুক্ষণ পরেই তাঁকে হত্যার খবর পাই। এই খুনের ঘটনায় সাধারণ মানুষের মধ্যে ভীতি ছড়িয়েছে। এতে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান নিয়ে আমরা সন্দিহান।’
নজরুল হত্যাকাণ্ডের ঘটনায় তাঁর স্ত্রী শরীফা বেগম মাটিরাঙ্গা থানায় মঙ্গলবার রাতে মামলা করেন। মামলার আসামিরা হলেন মোহাম্মদ হাশেম, মোহাম্মদ সবুজ, মো. আমীর হোসেন, খোরশেদ ও মো. রবিউল। তাঁদের মধ্যে হাশেম, সবুজ ও আমীরকে গ্রেপ্তার করেছে পুলিশ। আসামিরা নজরুলের প্রতিবেশী।
মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাদাত হোসেন বলেন, পারস্পরিক বিরোধের কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে।
{প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি পলাশ বড়ুয়া}