সব ছাপিয়ে শিক্ষার্থীদের মামলা নিয়ে আলোচনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গতকাল শনিবার ৩৬তম বার্ষিক সিনেট সভা অনুষ্ঠিত হয়েছে। সেখানে বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ অর্থবছরের জন্য ২৩২ কোটি ৫ লাখ টাকার বাজেট পাস হয়েছে। তবে সভায় বিভিন্ন আলোচ্যসূচি ছাপিয়ে প্রাধান্য পায় শিক্ষার্থীদের বিরুদ্ধে প্রশাসনের করা মামলা নিয়ে আলোচনা।

বেলা আড়াইটার দিকে প্রশাসনিক ভবনের সিনেট হলে এ অধিবেশন শুরু হয়। এ সময় উপাচার্য ফারজানা ইসলাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম তুলে ধরেন। এ ছাড়া গত ২৬ মে ক্যাম্পাস-সংলগ্ন সিঅ্যান্ডবি এলাকায় সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থীর মৃত্যু এবং এর ধারাবাহিকতায় পরবর্তী পরিস্থিতি সিনেটে সংক্ষেপে তুলে ধরেন তিনি।

অধিবেশনে উপাচার্য বলেন, ‘আমি শিক্ষার্থীদের সব দাবি মেনে নিলেও তারা সড়ক অবরোধ প্রত্যাহার করেনি। বরং তারা আমার বাসা ভাঙচুর করেছে, শিক্ষকদের লাঞ্ছিত করেছে। এ ঘটনায় আশুলিয়া থানায় এজাহার দায়ের করে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং এজাহার আমলে নিয়ে পুলিশ মামলা করে।’

উপাচার্যের বক্তব্যের পর রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক গত এক বছরে বিশ্ববিদ্যালয়ের যেসব শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী এবং দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তি মৃত্যুবরণ করেছেন তাঁদের স্মরণে শোকপ্রস্তাব গ্রহণ করেন। পরে কোষাধ্যক্ষ আবুল খায়ের বাজেট উপস্থাপন করেন।

কোষাধ্যক্ষ ২০১৬-১৭ অর্থবছরে ২০৯ কোটি ৮২ লাখ টাকার সংশোধিত বাজেট এবং ২০১৭-১৮ অর্থবছরের জন্য ২৩২ কোটি ৫ লাখ টাকার প্রস্তাবিত মূল বাজেট উপস্থাপন করেন। বাজেট সর্বসম্মতিক্রমে পাস হয়। বাজেটের ২১৩ কোটি ৩৫ লাখ টাকা আসবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) থেকে। আর বিশ্ববিদ্যালয়ের নিজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১৮ কোটি ৭০ লাখ টাকা। মূল বাজেটে বার্ষিক ঘাটতির পরিমাণ দাঁড়াবে ১ কোটি ৭৬ লাখ টাকা। মোট ঘাটতির পরিমাণ ৩২ কোটি ৭৪ লাখ ৫৫ হাজর টাকা।

বাজেট উপস্থাপন শেষে সিনেট সদস্যরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। এতে উপাচার্যের বাসা ভাঙচুর এবং শিক্ষক লাঞ্ছনার ঘটনায় শিক্ষার্থীদের বিরুদ্ধে করা মামলার প্রসঙ্গ গুরুত্ব পায়।

সাবেক সহ-উপাচার্য ও সিনেট সদস্য অধ্যাপক এম এ মতিন বলেন, বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বিধি অনুযায়ী শিক্ষার্থীদের শাস্তি না দিয়ে তাঁদের পুলিশে দেওয়া হয়েছে। একই ঘটনায় বিশ্ববিদ্যালয় তদন্ত করছে, আবার মামলাও হয়েছে। এক ঘটনায় দুই বিচার হতে পারে কি না ভেবে দেখা প্রয়োজন।

সিনেট সদস্য মোহা. হাজ্জাজ বিন মাহফুজ বলেন, ‘উপাচার্য ঘটনা সম্পর্কে বললেন। কিন্তু শিক্ষার্থীদের গ্রেপ্তার এবং জামিন সম্পর্কে কিছু বললেন না। আশা করছি প্রশাসন দ্রুত মামলা প্রত্যাহারের উদ্যোগ নেবে।’

সিনেট সদস্য এ এইচ এম সদরুল আলম, মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন ও আবুল কালাম আজাদ শিক্ষার্থীদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের আহ্বান জানান। অন্যদিকে সিনেট সদস্য ও সাবেক উপাচার্য শরীফ এনামুল কবির, সুকল্যাণ কুমার কুণ্ডু, মোহাম্মদ আমজাদ হোসেন, মো. খবির উদ্দিন, মোতাহার হোসেন, শিক্ষক সমিতির সভাপতি ফরিদ উদ্দিন প্রমুখ মামলা প্রত্যাহার না করার পক্ষে যুক্তি দেন। তাঁরা জড়িত শিক্ষার্থীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

গত ২৬ মে ভোরে ক্যাম্পাস-সংলগ্ন সিঅ্যান্ডবি এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নাজুমল হাসান ও মেহেদি হাসান নামের দুই শিক্ষার্থী নিহত হন। ওই দুই শিক্ষার্থীর পরিবারকে ক্ষতিপূরণ, ঘাতক চালকের শাস্তি এবং নিরাপদ সড়কের দাবিতে পরদিন বেলা পৌনে ১১টা থেকে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। বিকেলে পুলিশ শিক্ষার্থীদের ওপর রাবার বুলেট ও কাঁদানে গ্যাস ছোড়ে। এতে ক্ষুব্ধ শিক্ষার্থীরা উপাচার্যের বাসভবন ভাঙচুর করেন। এ ঘটনায় ওই দিন রাতেই ৩১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৪০-৫০ জনের বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।