তামিম চৌধুরী অধ্যায় এখানেই শেষ: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল । ফাইল ছবি
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল । ফাইল ছবি

নারায়ণগঞ্জ অভিযানের মধ্য দিয়ে জঙ্গি তামিম চৌধুরী অধ্যায়ের সমাপ্তি ঘটেছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

আজ শনিবার সকালে নারায়ণগঞ্জের পাইকপাড়ায় জঙ্গি আস্তানায় অভিযান শেষ হওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করেন মন্ত্রী। এ সময় তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বেশ কিছুদিন ধরে তামিম চৌধুরীকে খুঁজছিল। নারায়ণগঞ্জে তাঁর অবস্থান চিহ্নিত করার পর রাত তিনটার দিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাঁকে ঘেরাও করে আত্মসমর্পণ করতে বলে। পরে সোয়াত টিম আসে এবং সকালে অভিযান শুরু হয়। জঙ্গিরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর গ্রেনেড ও গুলি ছোড়ে। তিনি জানান, এ অভিযানে তিন জঙ্গি নিহত হয়েছে। তাদের মধ্যে গুলশান হামলার মূল হোতা তামিম চৌধুরী রয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা মনে করি, তামিম চৌধুরী অধ্যায় এখানেই শেষ। বাকি পলাতক জঙ্গিদের আমরা শিগগিরই ধরতে পারব বলে আশা করি।’


জঙ্গিদের সবাইকে নির্মূল করা হবে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পালিয়ে থাকা জঙ্গিদের ধরতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর আছে। জঙ্গিরা জনবিচ্ছিন্ন। তাদের সংখ্যা কম। সরকার জঙ্গি দমনে কঠোর অবস্থান নিয়েছে।

অভিযান সম্পর্কে তিনি বলেন, জঙ্গিদের আত্মসমর্পণ করার সুযোগ দেওয়া হয়েছিল। কিন্তু তারা সেই সুযোগ নেয়নি। উল্টো পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এরপর পুলিশ অভিযানে যায়। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে এই অভিযান চালানো হয়েছে।