স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, দেশের সব জঙ্গি হামলা একই সূত্রে গাঁথা। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন এগিয়ে যাচ্ছে, তখন সেই অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতেই এসব হামলা হচ্ছে।
গতকাল মঙ্গলবার ‘বঙ্গবন্ধুর দর্শন: মৌলবাদ সন্ত্রাস নির্মূলের নিদান’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি রাজধানীর ধানমন্ডির বিলিয়া মিলনায়তনে এই সভার আয়োজন করে।
অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির জনককে হত্যা করা হয়েছে। এই আগস্টেই শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করা হয়েছিল। ’৭৫-পরবর্তী সময়ে যারা পায়ের রগ কাটত, তারাই ১৯ জন পুলিশসহ দেড় শ মানুষকে হত্যা করেছে আগুন-সন্ত্রাসের মাধ্যমে। এরাই বিদেশি নাগরিকদের হত্যা করেছে। এরাই টার্গেট কিলিং করেছে। এরা কখনো জেএমবি হয়েছে, কখনো হুজি, কখনো আনসারুল্লাহ নাম নিয়েছে। এই জঙ্গিরা অতীতের রাজনৈতিক দলগুলোর সমর্থন ও পৃষ্ঠপোষকতাও পেয়েছে।’
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমি সারা দেশে ঘুরেছি। কোথাও আইওএস-আইএস নামের কোনো জঙ্গি সংগঠনের অস্তিত্ব খুঁজে পাইনি। ১৯ থেকে ২৫ বছরের উচ্চশিক্ষিত তরুণদের মগজ ধোলাই করা হয়েছে। তারাই কালো পোশাক পরে পেছনে ব্যানার লাগিয়ে আইএস দাবি করছে।’
অনুষ্ঠানের সভাপতি সুপ্রিম কোর্টের সাবেক বিচারক বিচারপতি সৈয়দ আমিরুল ইসলাম বলেন, ‘আমরা শতভাগ অসৎ সমাজে বাস করছি। আমরা যা বলি, তা করি না। জঙ্গিবাদ দমন করতে হলে কথায় ও কাজে মিল থাকতে হবে। মুক্তিযুদ্ধের চার নীতিতে ফিরে যেতে হবে।’
নাট্যজন রামেন্দু মজুমদার বলেন, ‘বঙ্গবন্ধুর দর্শন জানতে হবে। তিনি ছিলেন সত্যিকারের অসাম্প্রদায়িক মানুষ। তাঁর অসামপ্ত আত্মজীবনী পড়লেই তাঁর দর্শন জানা যাবে।’ জঙ্গিবাদ দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি মনোজগতে পরিবর্তনের জন্য সাংস্কৃতিক লড়াইয়ের আহ্বান জানিয়ে রামেন্দু মজুমদার বলেন, এই খাতের বাজেটও বাড়াতে হবে।
লেখক-সাংবাদিক শাহরিয়ার কবির বলেন, আজকে তরুণেরাই জঙ্গিদের পরিচয় খুঁজে বের করেছে। জঙ্গিবাদ নির্মূলে এই তরুণদের কাজে লাগাতে হবে। জঙ্গিবাদ নির্মূলে জাতীয় নিরাপত্তা কাউন্সিল গঠনেরও পরামর্শ দেন তিনি।
নিরাপত্তা বিশ্লেষক মোহাম্মদ আলী শিকদার একজন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা নিয়োগ করে সব বাহিনীর মধ্যে সমন্বয় করার পরামর্শ দেন।
নিরাপত্তা বিশ্লেষক ইশফাক এলাহী চৌধুরী বলেন, জঙ্গিবাদ নিয়ন্ত্রণ শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিষয় নয়। এ জন্য আমাদেরও অনেক দায়িত্ব আছে। পরিবারের দায়িত্ব সন্তানের সময় দেওয়া। নৈতিকতার চর্চা করতে হবে। ছেলেমেয়েরা কেন বিষণ্ন, সেটি দেখতে হবে।
শহীদজায়া শ্যামলী নাসরিন চৌধুরী বলেন, ১৯৭১-এর আলবদরেরাও গর্ভবতী মা, নারী সবাইকে হত্যা করেছে। আজকে জঙ্গিরা সেই কাজ করছে। আজকে জঙ্গিরা সব নির্মূল করতে চাইছে। কিন্তু জঙ্গিবাদকেই নির্মূল করতে হবে। এ জন্য একাত্তরের চেতনায় ফিরে যেতে হবে।