সব জাতিগোষ্ঠীর অধিকার চেয়েছিলেন এম এন লারমা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানবেন্দ্র নারায়ণ লারমা (এম এন লারমা) শুধু আদিবাসীদের নয়, দেশের সব প্রান্তিক মানুষের মুক্তি চেয়েছিলেন। তিনি বিশ্বাস করতেন, আদিবাসীরা কখনো বাঙালি পরিচয় নেবে না। তারা নিজেদের জাতিগত বৈশিষ্ট্য বজায় রেখে এ দেশে সম্মান নিয়ে থাকবে। তাঁর সেই স্বপ্নের পথ ধরেই পার্বত্য চুক্তি হয়েছিল। এই চুক্তি বাস্তবায়ন করতে হলে লড়াই চালিয়ে যেতে হবে।

গতকাল সোমবার জাতীয় প্রেসক্লাবে এম এন লারমার ৩১তম মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। বক্তারা পার্বত্য চুক্তি বাস্তবায়নে সরকারের সদিচ্ছার ব্যাপারে প্রশ্ন তুলে বলেন, শুধু দুর্বল কণ্ঠে দাবি বাস্তবায়ন চাইলেই হবে না। এ জন্য আন্দোলন-লড়াই চালিয়ে যেতে হবে।

এম এন লারমার ৩১তম মৃত্যুবার্ষিকী পালন জাতীয় কমিটি আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন গণঐক্যের আহ্বায়ক পঙ্কজ ভট্টাচার্য। বিভিন্ন সংগঠনের নেতা ও আদিবাসী নেতারা এতে বক্তৃতা করেন।

সভায় কলাম লেখক সৈয়দ আবুল মকসুদ বলেন, যেখানে আদিবাসীসহ সব জাতিগোষ্ঠীর অধিকার থাকবে, সে ধরনের একটি দেশ চেয়েছিলেন এম এন লারমা। তিনি আজ পৃথিবীতে না থাকলেও আদিবাসীদের মধ্যে জাতীয় চেতনা সৃষ্টিতে তাঁর অবদান এখনো রয়ে গেছে।

অর্থনীতিবিদ আবুল বারকাত পার্বত্য চুক্তি বাস্তবায়নের জন্য প্রান্তিক দরিদ্র জনগোষ্ঠীর সঙ্গে আদিবাসীদের ঐক্যের বিষয়ে গুরুত্ব দেন। তিনি আদিবাসী নেতাদের উদ্দেশে বলেন, ‘আপনারা যত দিন এনজিওগিরি করবেন, তত দিন আদিবাসীদের অধিকার আদায় হবে না।’

সাংসদ ফজলে হাসান বলেন, ‘পার্বত্য চুক্তির মৌলিক বিষয়ের বেশির ভাগই বাস্তবায়ন হয়নি। আমি কোনো দিগন্ত বদলের আলামত দেখতে পাচ্ছি না।’

বাংলাদেশ আদিবাসী ফোরামের সভাপতি সঞ্জীব দ্রং বলেন, ‘অন্ধকার রাতের পর ভোরের দেখা মেলে। আদিবাসীদের আজকের অধিকারহীনতা একদিন দূর হবে।’

সভায় সঞ্চালকের দায়িত্ব পালন করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রাজীব মীর। বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির সভাপতি ড. নূর মোহাম্মদ তালুকদারের সভাপতিত্বে দুপুরের পর সভার দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হয়। এতে বক্তৃতা করেন সম্মিলিত সামাজিক আন্দোলনের সভাপতি অজয় রায়, জনসংহতি সমিতির নেতা শক্তিপদ ত্রিপুরা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রোবায়েত ফেরদৌস।