সব জাতীয়তাবাদী শক্তির সমর্থন চান মাহী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে জাতীয়তাবাদী শক্তির সমর্থন চেয়েছেন মেয়র পদপ্রার্থী মাহী বি চৌধুরী। আজ বুধবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে ভাষণ দেওয়ার সময় তিনি এ সমর্থন চান। এর মাধ্যমে তাঁর নির্বাচনী প্রচার শুরু হয়।

সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে মাহী বি চৌধুরী বলেন, ‘বঙ্গবন্ধুকে শ্রদ্ধা করি, জিয়াউর রহমানের রাজনীতির চেতনা ধারণ করি।’ ‘প্রজন্ম শহর’‍-এই নির্বাচনী স্লোগান নিয়ে তিনি নিরাপদ ঢাকা, চলমান ঢাকা, আলোচিত ঢাকা গড়ার অঙ্গীকার করেন।

বিএনপি বা ২০-দলীয় জোটের সমর্থন চেয়েছেন কি না, জানতে চাইলে মাহী বি চৌধুরী বলেন, প্রার্থী হিসেবে তিনি সবার সমর্থন চান। তিনি বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে জাতীয়তাবাদী চেতনার মানুষ। সে কারণে সব জাতীয়তাবাদী শক্তির সমর্থন চাই’। তিনি বলেন, ‘জিয়াউর রহমানের রাজনীতির চেতনা ধারণ করি। বঙ্গবন্ধুকে শ্রদ্ধা করি।’

সমর্থনের জন্য বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বা দলের কারও সঙ্গে যোগাযোগ করেছিলেন কি না, জানতে চাইলে মাহী বি চৌধুরী বলেন, ‘কারও সঙ্গে যোগাযোগ করিনি। ’ 

ঢাকা উত্তরের জন্য শিগগিরই সুনির্দিষ্ট ইশতেহার প্রকাশ করবেন বলে জানান এই মেয়র পদপ্রার্থী।
মাহী বি চৌধুরী বলেন, তারুণ্যের চাহিদা ও চিন্তাভাবনাকে তিনি বেশি প্রাধান্য দিচ্ছেন। তরুণদের চিন্তাকে তিনি প্রজন্ম ভাবনা বলেন। এটি বাস্তবায়ন করার লক্ষ্যেই তিনি নির্বাচনে নেমেছেন। তিনি বলেন, প্রজন্ম বিভক্তি চায় না। আবেগের রাজনীতি চায় না। রক্ত চায় না। ঘাম চায়। পেশিশক্তির বদলে মেধানির্ভর রাজনীতি চায়। সৎ নেতৃত্ব চায়। কর্মসূচিভিত্তিক রাজনীতি চায়।

সংবাদ সম্মেলনে ছিলেন ব্লু ব্যান্ড কল দলের উপনেতা ও মাহী বি চৌধুরীর মনোনয়নপত্রের প্রস্তাবকারী সারোয়ার মুর্শেদ, মনোনয়নপত্র সমর্থনকারী জুবরান গাজী প্রমুখ।