সব জেলা প্রশাসনের সেবা অনলাইনে আজ থেকে
আজ সোমবার থেকে অনলাইনেই পাওয়া যাবে দেশের ৬৪টি জেলা প্রশাসনের সেবা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ জেলা ই-সার্ভিস উদ্বোধন করবেন। শাপলা সম্মেলন কেন্দ্র থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি যশোর জেলা ই-সার্ভিস কেন্দ্রে অবস্থানরত জনগণের সঙ্গে কথা বলে এ কার্যক্রমের উদ্বোধন করবেন। খবর বাসসের।স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন সফররত জাতিসংঘের মহাসচিব বান কি মুন। সূত্র জানায়, চার হাজার ৫০১টি ইউনিয়ন তথ্যসেবাকেন্দ্র (ইউআইএসসি) উদ্বোধনের এক বছর পূর্তিতে জেলা ই-সার্ভিস কেন্দ্রগুলো উদ্বোধন করা হচ্ছে। সাফল্যের সঙ্গে ইউনিয়ন তথ্যসেবাকেন্দ্র পরিচালনার জন্য ১৪ জন উদ্যোক্তা এবং প্রশাসনের কয়েকজন কর্মকর্তাকে পুরস্কার দেওয়া হবে।‘ডিজিটাল বাংলাদেশ’-এর (এটুআই) জাতীয় প্রকল্প পরিচালক নজরুল ইসলাম খান বলেন, ই-সার্ভিসের মাধ্যমে কোনো ভোগান্তি ছাড়াই স্বচ্ছ উপায়ে অল্প সময়ের মধ্যে অনলাইনে সেবা দেওয়া হবে। ই-সার্ভিসের মাধ্যমে জেলা পর্যায়ে বসবাসরত জনগণ সব ধরনের সরকারি সেবা পাবে।