সব জেলায় লিগ্যাল এইড কার্যালয় হচ্ছে
দরিদ্র ও অসহায় মানুষকে আইনি সহায়তা দিতে দেশের সব কটি জেলায় লিগ্যাল এইড কর্মকর্তার পদ সৃষ্টি ও কার্যালয় খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এসব কার্যালয়ের জন্য অফিস সহকারী, কম্পিউটার অপারেটর ও পিওনের ১৯২টি পদ সৃষ্টির প্রস্তাবও অনুমোদন করা হয়।প্রশাসনিক উন্নয়নসংক্রান্ত সচিব কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতকাল সোমবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে ওই সভা অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে প্রস্তাবিত সোনাদিয়া গভীর সমুদ্রবন্দর কর্তৃপক্ষ আইন-২০১১ অনুমোদনের সুপারিশ করা হয়েছে।জানতে চাইলে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম প্রথম আলোকে জানান, জেলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কার্যালয়ের পাশেই লিগ্যাল এইড কার্যালয় থাকবে।সভার একটি সূত্র জানায়, সরকারি প্রতিষ্ঠানে চুক্তিভিত্তিক কর্মচারী নিয়োগের জন্য ‘আউটসোর্সিং নীতিমালা’ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এতে বলা হয়, উপজেলা প্রশাসনে আউটসোর্সিংয়ের ভিত্তিতে কর্মচারী নিয়োগ করতে হলে চুক্তিসহ নানা আনুষ্ঠানিকতা শেষ করতে হয়। এটা অনেক সময়সাপেক্ষ ব্যাপার। এ জন্য বিষয়টি আরও পরীক্ষা-নিরীক্ষা করে মতামত দেওয়ার জন্য মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিবের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হবে বলে সভায় সিদ্ধান্ত নেওয়া হয়।সূত্র জানায়, বৈঠকে ১৪টি সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিট স্থাপনের প্রস্তাব নিয়ে আলোচনা শেষেও অনুমোদন দেওয়া হয়েছে। বৈঠকে কক্সবাজার মেডিকেল কলেজের জনবল এবং ঢাকার ধামরাই উপজেলার কৃষ্ণনগর ও আমিনবাজার হাসপাতালের জন্য কতিপয় পদ সৃষ্টির প্রস্তাবেও অনুমোদন দেওয়া হয়।মন্ত্রিপরিষদ সচিব এম আবদুল আজিজের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সচিবেরা উপস্থিত ছিলেন।