সব ডিজিটাল সেবা এখনো প্রতিবন্ধী ব্যক্তিদের উপযোগী হয়নি
ক্ষমতাসীন আওয়ামী লীগের ২০০৮ সালের নির্বাচনী ইশতেহারে অঙ্গীকার ছিল—সব ডিজিটাল সেবা হবে প্রতিবন্ধীবান্ধব। প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইনেও বলা আছে, তথ্যপ্রযুক্তিকে অভিগম্য করতে হবে।
ডিজিটাল সেবা প্রতিবন্ধী ব্যক্তিদের ব্যবহার উপযোগী করতে নানামুখী উদ্যোগ নিয়েছে সরকার। কিন্তু এখনো সব ধরনের ডিজিটাল সেবা প্রতিবন্ধী ব্যক্তিদের ব্যবহার উপযোগী (অভিগম্যতা) করা যায়নি।
এমন প্রেক্ষাপটে আজ বৃহস্পতিবার পালিত হচ্ছে ‘গ্লোবাল অ্যাকসেসিবিলিটি অ্যাওয়ারনেস ডে’ বা বৈশ্বিক অভিগম্যতা সচেতনতা দিবস। দেশে প্রথমবারের মতো দিবসটি পালিত হচ্ছে।
প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল অভিগম্যতার ব্যাপারে সচেতন করতে দিবসটি পালন করা হয়। দিবসটির উদ্দেশ্য—অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল (ওয়েব, সফটওয়্যার, মুঠোফোন ইত্যাদি) অভিগম্যতার পাশাপাশি প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য সহায়ক ডিজিটাল প্রযুক্তি সম্পর্কে সচেতনতা তৈরি।
বিশ্বের বিভিন্ন দেশে ২০১২ সাল থেকে দিবসটি পালন করা হয়। প্রতিবছর মে মাসের তৃতীয় বৃহস্পতিবার দিবসটি পালিত হয়।
বাংলাদেশে চলতি বছর মন্ত্রিপরিষদ বিভাগ, আইসিটি বিভাগের বাস্তবায়নাধীন অ্যাসপায়ার টু ইনোভেট (এটুআই) প্রকল্প, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগ এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে দিবসটি পালিত হচ্ছে।
আয়োজকেরা বলেন, স্থানীয় পর্যায়ে দিবসটি পালনের মাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তিরা অভিগম্য-বান্ধব ওয়েব, মুঠোফোন অ্যাপ ও ডিজিটাল সেবা সম্পর্কে সচেতন হতে পারবেন। এ ছাড়া সেবামূলক সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলো তাদের নিজস্ব ডিজিটাল সেবা অভিগম্য করার বিষয়ে সচেতন হবে।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সবশেষ খানা জরিপের তথ্য অনুযায়ী, দেশে ৯ দশমিক ৬ শতাংশ ব্যক্তির কোনো না কোনো প্রতিবন্ধিতা রয়েছে।
আজ বৃহস্পতিবার পালিত হচ্ছে ‘গ্লোবাল অ্যাকসেসিবিলিটি অ্যাওয়ারনেস ডে’ বা বৈশ্বিক অভিগম্যতা সচেতনতা দিবস। দেশে প্রথমবারের মতো দিবসটি পালিত হচ্ছে।
ইতিমধ্যে সমাজসেবা অধিদপ্তর ২৪ লাখের বেশি প্রতিবন্ধী ব্যক্তিকে শনাক্ত করে তাঁদের নিবন্ধন করেছে। এই বিপুলসংখ্যক জনগোষ্ঠীকে পেছনে রেখে ডিজিটাল বাংলাদেশ গড়া সম্ভব নয় বলে মনে করেন বিশেষজ্ঞরা।
বাংলাদেশ ইউনাইটেড নেশনস কনভেনশন অন দ্য রাইটস অব পারসনস উইথ ডিজঅ্যাবেলিটি (ইউএনসিআরপিডি) স্বাক্ষর ও অনুস্বাক্ষর করেছে। জাতিসংঘের এই কনভেনশনে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি সংশ্লিষ্ট সব সেবা অন্যান্য নাগরিকের মতো প্রতিবন্ধী ব্যক্তিদের সম–অধিকারপ্রাপ্তি নিশ্চিত করার কথা বলা হয়েছে।
প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইনের তফসিলে তথ্যবিনিময় এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি নামে একটি আলাদা অংশ রয়েছে। এতে বলা হয়, সরকারি-বেসরকারি সংস্থা ইন্টারনেটে যে তথ্য-সেবা প্রচার করবে, সেগুলো বিভিন্ন প্রযুক্তি ও পদ্ধতির মাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তির ব্যবহার উপযোগী করতে হবে। সরকারি সংস্থাগুলোর যেসব ই-সেবা রয়েছে, সেগুলোতে প্রতিবন্ধী ব্যক্তিদের সহজ প্রবেশের পাশাপাশি তার ব্যবহার নিশ্চিত করতে হবে।
বর্তমানে বিভিন্ন সরকারি দপ্তর ও মাঠপর্যায়ে ৩৩ হাজারের বেশি সরকারি ওয়েবসাইট ও ডিজিটাল নাগরিক সেবা রয়েছে। এ ছাড়া জব পোর্টাল, ই-কমার্স, নিউজ পোর্টাল, অনলাইন ও মোবাইল ব্যাংকিং সেবাসহ বিভিন্ন বেসরকারি সেবা ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে। এসব সরকারি-বেসরকারি ওয়েবসাইট, মুঠোফোন অ্যাপ ও ডিজিটাল সেবা সব ধরনের প্রতিবন্ধী ব্যক্তির জন্য ব্যবহার উপযোগী করতে কাজ করছে এটুআই।
এটুআইয়ের ন্যাশনাল কনসালট্যান্ট (অ্যাকসেসিবিলিটি) ভাস্কর ভট্টাচার্য নিজেও একজন দৃষ্টিপ্রতিবন্ধী। তিনি প্রথম আলোকে বলেন, দেশের আইনে ১২ ধরনের প্রতিবন্ধিতা সম্পন্ন ব্যক্তির কথা বলা হয়েছে। ডিজিটাল বাংলাদেশ গড়ার ক্ষেত্রে সব ধরনের প্রতিবন্ধী ব্যক্তির অন্তর্ভুক্তি নিশ্চিত করতে হবে। সরকারি ওয়েবসাইটগুলো প্রতিবন্ধী ব্যক্তিদের ব্যবহার উপযোগী করা হচ্ছে। প্রথম থেকে দশম শ্রেণির প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য মাল্টিমিডিয়া টকিং বুক দেওয়া হচ্ছে।
সরকারের বিভিন্ন ওয়েবসাইট, অনলাইন সেবা কতটা প্রতিবন্ধী ব্যক্তিদের ব্যবহার উপযোগী, তা যাচাই করতে গঠন করা হয়েছে ‘অ্যাকসেসিবিলিটি অডিটরস প্যানেল’। বর্তমানে ২৫ জন প্রতিবন্ধী ব্যক্তি এই প্যানেলে রয়েছেন। তাঁরা সরকারি ওয়েবসাইট, সেবার ক্ষেত্রে প্রতিবন্ধী ব্যক্তিদের কী কী সমস্যা হয়, সেগুলো চিহ্নিত করেন। তাঁদের মতামতের ভিত্তিতে সমস্যাগুলো সমাধান করে তা প্রতিবন্ধী ব্যক্তিদের ব্যবহার উপযোগী করা হয়।
‘মুক্তপাঠ’ বাংলা ভাষার সর্ববৃহৎ ই-লার্নিং প্ল্যাটফর্ম। মুক্তপাঠের স্লোগান ‘শিখুন, যখন যেখানে ইচ্ছে’। যে কেউ এখানে বিনা মূল্যে বিভিন্ন বিষয়ে কোর্স করতে পারেন। বর্তমানে মুক্তপাঠের অধিকাংশ কোর্স দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের ব্যবহার উপযোগী।
চাকরিসংক্রান্ত বিডিজবস ওয়েবসাইটটি প্রতিবন্ধী ব্যক্তিদের ব্যবহার উপযোগী করা হয়েছে।
এটুআইয়ের তৈরি ওয়েবসাইটগুলো গড়ে ৭০ শতাংশ অভিগম্যতা নিশ্চিত করেছে।
এটুআইয়ের প্রকল্প পরিচালক দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর প্রথম আলোকে বলেন, দেশের মোট জনসংখ্যার ৯ শতাংশের বেশি মানুষ প্রতিবন্ধতা-সম্পন্ন। ডিজিটাল সেবা শতভাগ প্রতিবন্ধী ব্যক্তিদের ব্যবহার উপযোগী হয়েছে, এ কথা বলা যাবে না। এ ক্ষেত্রে এখনো ঘাটতি রয়েছে। প্রতিবন্ধী ব্যক্তিদের ডিজিটাল মাধ্যম ব্যবহারে প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে। ভবিষ্যতে সব ডিজিটাল সেবা যেন প্রতিবন্ধী ব্যক্তিদের ব্যবহার উপযোগী হয়, তা নিশ্চিতে কাজ চলছে।