সব থেকেও কিছুই নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লালবাগের জগন্নাথ সাহা রোডের আমলিগোলা খেলার মাঠের এই হাল। এই কাদার মধ্যেই খেলছে মহল্লার নিরুপায় শিশু-কিশোরেরা l প্রথম আলো
লালবাগের জগন্নাথ সাহা রোডের আমলিগোলা খেলার মাঠের এই হাল। এই কাদার মধ্যেই খেলছে মহল্লার নিরুপায় শিশু-কিশোরেরা l প্রথম আলো

সিটি করপোরেশন নির্বাচন শেষ হয়েছে দুই বছর। অনেক স্থানে উন্নয়ন হয়েছে। আবার কোথাও কিছুই হয়নি। এলাকার সমস্যা, সম্ভাবনা, অভাব-অভিযোগ, সুবিধা-অসুবিধা নিয়ে ওয়ার্ডের চালচিত্র

ওয়ার্ডটিতে খেলার মাঠ আছে চারটি। কিন্তু একটিও খেলাধুলার উপযোগী নয়। পৃথক দুটি কমিউনিটি সেন্টার আছে। একটি জরাজীর্ণ অবস্থা, আরেকটিতে চলছে লালবাগ থানার কার্যক্রম। নাগরিক বিনোদনের জরুরি দুই অনুষঙ্গ থেকেও কাজে আসে না নগরবাসীর।

এই চিত্র ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ২৪ নম্বর ওয়ার্ডের। শহীদ নগর, জগন্নাথ সাহা রোড, রাজ নারায়ণ ধর রোড, কিল্লার মোড়, শ্মশানঘাট, বালুঘাট, আমলিগোলা, সোনালী ব্যাংক গলি নিয়ে এই ওয়ার্ড গঠিত।

এসব এলাকায় যত্রতত্র ময়লা-আবর্জনার স্তূপ, পর্যাপ্ত সড়কবাতি নেই, পয়োনালা নির্মাণের জন্য সড়ক খুঁড়ে রাখা হয়েছে, ফুটপাত বলে তো কিছু নেই-ই। তাহলে আছে কী? আছে দেড় লাখের মতো মানুষ আর তাদের হাপিত্যেশ।

জগন্নাথ সাহা রোড থেকে দক্ষিণ দিকে মাত্র ৪০ ফুট দীর্ঘ গলির মাথায় রয়েছে আমলিগোলা খেলার মাঠ। চারপাশে কংক্রিটের সীমানাপ্রাচীর। মাঠের আয়তন প্রায় ২ হাজার ৪০৩ বর্গমিটার। মাঠের পূর্ব পাশে ফুটবল খেলছে মহল্লার শিশু-কিশোরেরা। কিন্তু উত্তর-দক্ষিণ ও পশ্চিম অংশের কাদাপানি মাখামাখি। কিছুক্ষণ পরপরই ফুটবল গড়িয়ে কাদাপানিতে চলে যায়। তা মাড়িয়েই বল কুড়িয়ে আনে তারা। মাঠের ভেতর ও চারপাশে ময়লা-আবর্জনা ছড়িয়ে আছে।

ডিএসসিসির এই একটি ওয়ার্ডে আরও আছে দেলোয়ার হোসেন খেলার মাঠ, শহীদনগর মিনি স্টেডিয়াম ও বালুঘাট খেলার মাঠ, মাঠ-ঘাটহীন ঢাকার বিবেচনায় যা বড় আশীর্বাদ। কিন্তু এসব যেন স্থানীয় কাউন্সিলর বা সিটি মেয়রসহ কর্মকর্তাদের বোধের বাইরে। ফলে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে সব মাঠ। খেলাধুলার উপযোগী করে এগুলোকে গড়ে তোলার কোনো উদ্যোগ নেই বলেই জানালেন বাসিন্দারা। এই তিনটি খেলার মাঠের আয়তন প্রায় ৮ হাজার ৩১১ বর্গমিটার।

গতকাল বুধবার ডিএসসিসির ২৪ নম্বর ওয়ার্ডে সরেজমিন গেলে জগন্নাথ সাহা রোডের বাসিন্দা মেহেদী হাসান বলেন, আগে এই মাঠে নিয়মিত অনুশীলন করত আমলিগোলা ফুটবল ক্লাব। কিন্তু মাঠটি খেলাধুলার অনুপযোগী হওয়ার পর খেলাধুলা বন্ধ আছে। তিনি বলেন, বছরখানেক আগে জগন্নাথ সাহা রোডে এক ব্যক্তি বাড়ি নির্মাণ করেন। তাঁর বাড়ির পাইলিংয়ের সব কাদা এই মাঠে ফেলা হয়। এরপর থেকেই মাঠের এই অবস্থা।

নব্বইয়ের দশকে নাগরিকদের সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন করতে জগন্নাথ সাহা রোড ও রাজ নারায়ণ ধর রোডে পৃথক দুটি কমিউনিটি সেন্টার নির্মাণ করেছিল সিটি করপোরেশন। এর মধ্যে ২০০৯ সালে রাজ নারায়ণ ধর রোডের শহীদনগর কমিউনিটি সেন্টারে চালু হয়েছে লালবাগ থানার কার্যক্রম। তবে এই কমিউনিটি সেন্টারে থাকা ব্যায়ামাগারটি সরঞ্জাম–সংকট নিয়েও সচল আছে।

শহীদ নগরের বাসিন্দা তোফাজ্জল হোসেন বলেন, এই কমিউনিটি সেন্টারে অনুষ্ঠান করতে মাসখানেক আগে বুকিং দিতে হতো। সেখানে কীভাবে থানা খোলা হলো বোঝা মুশকিল। কমিউনিটি সেন্টার না থাকায় মহল্লায় সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনেক কমে গেছে বলে দাবি করেন একাধিক বাসিন্দা। তাঁরা কমিউনিটি সেন্টার থেকে থানার কার্যক্রম স্থানান্তরেরও দাবি জানান।

জগন্নাথ সাহা রোডের দক্ষিণ পাশে (আমলিগোলা খেলার মাঠ–সংলগ্ন) আছে দ্বিতল লালবাগ কমিউনিটি সেন্টার। জরাজীর্ণ ভবনটির নিচতলা কমিউনিটি সেন্টার হিসেবে ব্যবহার হয়। নিচতলার দরজা-জানালা ভাঙা। দেয়াল ও ছাদের বিভিন্ন অংশ খসে পড়ছে। ভেতরে উৎকট দুর্গন্ধ। ফ্লোরে ময়লা জমে আছে। উত্তর-পূর্ব কোণে বড় বড় হাঁড়িপাতিল স্তূপ করে রাখা। দ্বিতীয় তলায় আছে আজাদ মুসলিম ওয়েলফেয়ার কমপ্লেক্স পরিচালিত একটি গ্রন্থাগার। তবে গ্রন্থাগারে কাউকে দেখা যায়নি। গ্রন্থাগারের এক কর্মী বলেন, সাধারণত বিকেলে মহল্লার লোকজন গ্রন্থাগারে আসেন।

ওই ওয়ার্ডের অন্যতম প্রধান সড়ক জগন্নাথ সাহা রোড। পয়োনালা নির্মাণের নামে মাসখানেক আগে থেকে লালবাগের কেল্লার মোড় ধরে আধা নম্বর গলির সদরঘাট-গাবতলী বেড়িবাঁধ পর্যন্ত পুরো সড়কে খোঁড়াখুঁড়ি চলছে। প্রতিটি গর্ত গড়ে সাত ফুট পর্যন্ত গভীর। এসব গর্ত উন্মুক্ত। পথচারীদের চলাচলের জন্য কোনো ফুটপাত নেই। তাই সড়কের দুপাশে দোকান ও বাসাবাড়ির দেয়াল ঘেঁষে ঝুঁকি নিয়ে চলাচল করছেন পথচারীরা।

আমলিগোলার বাসিন্দা মোজাম্মেল হোসেন বলেন, খোঁড়াখুঁড়ির কারণে যান চলাচল বন্ধ আছে। কেউ অসুস্থ হলে তাকে কোলে করে নিয়ে যেতে হয়। এর মধ্যে বৃষ্টি হলে চলাচল করাই দায়। এ ছাড়া নারী, শিশু ও বৃদ্ধদের অনেকেই পা পিছলে গর্তে পড়ে দুর্ঘটনা ঘটছে। নির্দিষ্ট সময়ের মধ্যে সংস্কারকাজ শেষ করার তাগিদ দেন তিনি।