সব দম্পতি পরিবার পরিকল্পনা পদ্ধতি সম্পর্কে অবহিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের শতভাগ দম্পতি পরিবার পরিকল্পনা পদ্ধতি সম্পর্কে অবহিত আছে। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সচিব দেশের সর্বোচ্চ আদালতকে এ তথ্য জানিয়েছেন। হাইকোর্টের নির্দেশ অনুসারে স্বাস্থ্যসচিব হলফনামা আকারে গতকাল রোববার এই তথ্য জমা দেন। আজ সোমবার এ ব্যাপারে পরবর্তী আদেশ দেওয়ার কথা।জনসংখ্যা বৃদ্ধি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশনা চেয়ে জনস্বার্থে সুপ্রিম কোর্টের আইনজীবী মনজিল মোরসেদ, সারোয়ার আহাদ চৌধুরী, আসাদুজ্জামান সিদ্দিকী ও তপন কুমার দাস হাইকোর্টে রিটটি করেন। এর পরিপ্রেক্ষিতে ১২ আগস্ট হাইকোর্ট শহরে ও গ্রামে গত ১০ বছরে জনসংখ্যা বৃদ্ধির হার কত, জনসংখ্যা নিয়ন্ত্রণে এই সময়ে কত অর্থ বরাদ্দ দেওয়া হয়েছিল, জনসংখ্যা নিয়ন্ত্রণে জাতীয় ও আন্তর্জাতিক কোন কোন সংস্থা কী কাজ করছে এবং কী পদক্ষেপ নিয়েছে, সে-সংক্রান্ত প্রতিবেদন স্বাস্থ্যসচিবকে এক মাসের মধ্যে দাখিল করতে অন্তর্বর্তীকালীন নির্দেশ দেন। সেই সঙ্গে রুলও জারি করেন। এরই ধারাবাহিকতায় গতকাল স্বাস্থ্যসচিবের পক্ষে এসব তথ্য জমা দেওয়া হয়। যোগাযোগ করা হলে রিট আবেদনকারীর আইনজীবী মো. মোকছেদুল ইসলাম গতকাল প্রথম আলোকে বলেন, স্বাস্থ্যসচিবের পক্ষে আদালতে হলফনামা আকারে প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। আজ এ বিষয়ে পরবর্তী আদেশ প্রদানের দিন ধার্য রয়েছে।বাংলাদেশে পরিবার পরিকল্পনা খাতে কাজ করছে এমন চারটি এনজিওর নাম প্রতিবেদনে দেওয়া হয়েছে। এগুলো হচ্ছে মেরী স্টপস বাংলাদেশ, বাংলাদেশ অ্যাসোসিয়েশন ফর ভলান্টারি স্টেবিলাইজেশন, ফ্যামিলি প্ল্যানিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ও এনজেন্ডার হেলথ। এসব এনজিও কী কাজ করছে, তারও বর্ণনা আছে প্রতিবেদনে।প্রতিবেদনে বলা হয়, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ইউনিসেফ, কানাডার সিডা, ইউএনএফপিএ, সুইডেনের সিডা ও ইউরোপিয়ান ইউনিয়ন স্বাস্থ্য, পুষ্টি ও জনসংখ্যা কর্মসূচিতে অর্থ-সহায়তা দেয়। এতে বলা হয়, ইউএসএআইডির মতো প্রতিষ্ঠান এনজিও বা আইসিডিডিআরবির মাধ্যমে বিভিন্ন কর্মসূচিতে অর্থ দেয়, সরাসরি সরকারকে কোনো অর্থ দেয় না।