সব দলই সরব
সিলেটের কানাইঘাট পৌরসভা নির্বাচনে মনোনয়নপ্রত্যাশী আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির নেতারা গণসংযোগ শুরু করে দিয়েছেন। আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থীরা মনোনয়ন পেতে দলের উচ্চপর্যায়ে তদবির করছেন।
গত বৃহস্পতিবার সরেজমিনে কানাইঘাট পৌরশহরের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ ও বিএনপির সম্ভাব্য প্রার্থীদের গণসংযোগ করতে দেখা গেছে।
পৌরসভার ১২ জন রাজনৈতিক কর্মী ও ১৭ জন ভোটার জানান, মেয়র পদে এ পর্যন্ত ১০ জন সম্ভাব্য প্রার্থীর নাম শোনা যাচ্ছে। এর মধ্যে আওয়ামী লীগের পাঁচজন, বিএনপির তিনজন এবং জাতীয় পার্টি ও জামায়াতের একজন করে সম্ভাব্য প্রার্থী রয়েছেন। তবে জামায়াতের প্রার্থী দলীয় ব্যানারে নির্বাচন করার সুযোগ পাবেন না। তাঁকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে। পৌরসভায় বর্তমানে প্রায় ১৭ হাজার ভোটার রয়েছেন। পৌরসভা প্রতিষ্ঠিত হওয়ার পর একবারই নির্বাচন হয়েছে। ২০১১ সালে অনুষ্ঠিত ওই নির্বাচনে উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক লুৎফুর রহমান জয়ী হন।
নির্বাচন সম্পর্কে বর্তমান মেয়র ও উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক লুৎফুর রহমান বলেন, ‘আমি এবারও নির্বাচন করব। ভোটারদের সঙ্গে যোগাযোগ শুরু করেছি। আশা করছি, দলও আমাকে মনোনয়ন দেবে।’ লুৎফুর ছাড়াও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক মামুন রশীদ, কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মুমিন চৌধুরী ও উপজেলা শাখার সাবেক সভাপতি জমির উদ্দিন প্রধান মাঠপর্যায়ে সমর্থন আদায়ের চেষ্টা করছেন বলে তাঁদের কর্মী-সমর্থকেরা জানিয়েছেন।
মেয়র পদে নির্বাচন করার ব্যাপারে পৌর বিএনপির সভাপতি শরিফুল হক, জ্যেষ্ঠ সহসভাপতি রহিম উদ্দিন ভরসা ও সাংগঠনিক সম্পাদক নুরুল হোসেনের নামই বেশি আলোচিত হচ্ছে। এ ছাড়া মেয়র পদে সম্ভাব্য তালিকায় উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক বাবুল আহমেদ ও কানাইঘাট উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি এ কে এম ওলিউল্লাহের নামও শোনা যাচ্ছে।
পৌর বিএনপির সভাপতি শরিফুল হক বলেন, ‘আমি ইতিমধ্যেই গণসংযোগ শুরু করে দিয়েছি। দল নির্বাচনে এলে আমি নির্বাচন করব। কিন্তু জনসমর্থন ও গ্রহণযোগ্যতার বিবেচনায় শেষ পর্যন্ত আমিই মনোনয়ন পাব।’ পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুল হোসেন বলেন, ‘দল থেকে সুযোগ পেলে আমি অবশ্যই নির্বাচনে অংশ নেব।’
নাম প্রকাশে অনিচ্ছুক আওয়ামী লীগ ও বিএনপির তৃণমূল পর্যায়ের অন্তত ১৪ জন কর্মী জানান, প্রধান দুটি রাজনৈতিক দল একক প্রার্থী ঘোষণা করতে গিয়ে হিমশিম খেতে পারে। এ অবস্থায় দলগুলো থেকে যদি বিদ্রোহী প্রার্থীরা দাঁড়ান, তাহলে তৃতীয় কোনো রাজনৈতিক দল বিশেষ করে জামায়াতের কোনো প্রার্থী যদি স্বতন্ত্র হয়েও নির্বাচনে অংশ নেন, তাহলে ফলাফল তাঁর পক্ষে চলে যেতে পারে।