দলীয় ও জোটগতভাবে অংশ নিয়ে ৫ শতাংশ ভোট পাওয়া প্রতিটি দলকে নির্বাচনী প্রচার-প্রচারণার জন্য সরকারি অনুদান দেওয়ার সুপারিশ করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)। গতকাল বৃহস্পতিবার নির্বাচন কমিশনের আইন সংস্কার-সম্পর্কিত সংলাপ অনুষ্ঠানে তারা এই অভিমত দেয়।একই দিন বিকেলে নির্ধারিত সংলাপে বিরোধীদলীয় জোটের শরিক দল জামায়াতে ইসলামী অংশ নেয়নি।নির্বাচন কমিশনের (ইসি) প্রস্তাবে বলা হয়েছে, নিজস্ব প্রতীক নিয়ে গত সংসদ নির্বাচনে যেসব দল মোট গৃহীত ভোটের ৫ শতাংশ পেয়েছে, কেবল তারাই নির্বাচনী প্রচারের ক্ষেত্রে রাষ্ট্রীয় অনুদান পাবে।এই বিধান অনুযায়ী জাসদ অনুদান পাওয়ার যোগ্য নয়। কারণ তারা নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করেছিল। ইসির সম্মেলনকক্ষে অনুষ্ঠিত এই সংলাপে জাসদের কার্যকরী কমিটির সভাপতি মঈন উদ্দীন খান বাদল বলেন, আগের নির্বাচনের প্রাপ্ত ভোটের শতাংশ বিবেচনায় অনুদান দেওয়া যাবে না। এ ক্ষেত্রে নগদ অর্থ, প্রচারের উপকরণ ও অন্যান্য সুযোগ বরাদ্দ করতে হবে।নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের প্রস্তাবের প্রতি সমর্থন জানিয়ে জাসদের সভাপতি হাসানুল হক ইনু বলেন, ‘ভোট, ভোটার ও ডেটার নিরাপত্তার জন্য প্রযুক্তির ব্যবহারকে আমরা সমর্থন জানাই। এতে ভোট ছিনতাই বন্ধ হবে।’জাসদের প্রস্তাবে একজন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও একজন নারী নির্বাচন কমিশনার নিয়ে মোট পাঁচ সদস্যের কমিশন গঠনের কথা বলা হয়েছে। এ ছাড়া তারা নির্বাচনী আইনশৃঙ্খলা রক্ষাকরী বাহিনীতে প্রতিরক্ষা বাহিনীকে না রাখার সুপারিশ করেছে।সংলাপে জাসদের পক্ষে আরও অংশ নেন দলের সাধারণ সম্পাদক শরীফ নূরুল আম্বিয়া, মীর হোসেন আখতার, ইকবাল হোসেন খান, হাবিবুর রহমান ও করিম সিকদার।ইসির পক্ষে সিইসি এ টি এম শামসুল হুদা, নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন ও এম সাখাওয়াত হোসেন, ইসি সচিবালয়ের সচিব মোহাম্মদ সাদিক প্রমুখ অংশ নেন।