সব দলের অংশগ্রহণ নিয়ে একমত বিএনপি-সিপিবি-বাসদ
সব দলের অংশগ্রহণের ভিত্তিতে একটি নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের ব্যাপারে একমত হয়েছে বিএনপি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)।
দুই বাম দলের পক্ষ থেকে বলা হয়েছে, আরও দুই টার্ম তত্ত্বাবধায়ক সরকার রাখার বিষয়ে আদালত যে পরামর্শ দিয়েছিলেন, তা নিয়ে বিবেচনা করা উচিত।
সিপিবি ও বাসদ আজ বুধবার রাতে বিএনপির সঙ্গে বৈঠকে এ প্রস্তাব করে। বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সিপিবি-বাসদের সবগুলো প্রস্তাবে তাঁর দলের নেতা একমত না হলেও সব দলের অংশগ্রহণের ভিত্তিতে নির্বাচনের বিষয়টিতে একমত হয়েছেন।
সংবাদ সম্মেলনে সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান উপস্থিত ছিলেন।
নেতারা জানান, বৈঠকে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া, ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল, ভাইস চেয়ারম্যান শমসের মুবিন চৌধুরী, স্থায়ী কমিটির সদস্য আর এ গনি ও মঈন খান; সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, সাধারণ সম্পাদক আবু জাফর আহমেদ, উপদেষ্টা মনজুরুল আহসান খান, হায়দার আকবর খান রনো ও সদস্য রুহিন হোসেন প্রিন্স এবং বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামানসহ দলের নেতা রাজেকুজ্জামান ও বজলুর রশীদ ফিরোজ উপস্থিত ছিলেন।
রাত পৌনে আটটায় শুরু হয়ে বৈঠক প্রায় রাত সাড়ে নয়টা পর্যন্ত চলে। সংবাদ সম্মেলনে মুজাহিদুল ইসলাম সেলিম জানান, দুই বাম দলের পক্ষ থেকে বিএনপিকে জামায়াতে ইসলামীর সঙ্গ ত্যাগ করতে আহ্বান জানানো হয়েছে। সেলিম বলেন, দেশের মঙ্গলের কথা ভেবে আওয়ামী লীগকে তত্ত্বাবধায়ক ইস্যুতে ছাড় দিতে হবে। সংকট সমাধানে কে কাকে ফোন করবেন সেই প্রোটকল নিয়ে চিন্তিত না হয়ে, দুই পক্ষকেই আন্তরিক হতে হবে।
খালেকুজ্জামান বলেন, যদি নির্বাচন অনুষ্ঠিত না হয়, তবে দেশ গভীর খাদে পড়ে যাবে। তাই দ্রুত পদক্ষেপ গ্রহণ করা জরুরি। তিনি বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে বিদেশি হস্তক্ষেপের সুযোগ তৈরি হচ্ছে এবং এ সুযোগ করে দেওয়ার জন্য দেশের প্রধান দুই রাজনৈতিক দল দায়ী, কারণ তাঁরাই দেশের বেশি সংখ্যক জনগণের প্রতিনিধিত্ব করছেন।
দুই বাম দলের পক্ষ থেকে গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ সংশোধনের নিন্দা জানানো হয়।