সব দলের অংশগ্রহণে অবাধ নির্বাচন দেখতে চায় যুক্তরাষ্ট্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তত্ত্বাবধায়ক বা নির্দলীয়—যে ধরনের সরকারের অধীনেই নির্বাচন হোক না কেন, যুক্তরাষ্ট্র একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেখতে চায়। যেখানে সব দলের অংশগ্রহণ থাকবে। গতকাল বুধবার গুলশানে বিএনপির চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার সঙ্গে বৈঠক শেষে যুক্তরাষ্ট্রের দক্ষিণ এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী রবার্ট ও ব্লেক সাংবাদিকদের এ কথা বলেন। রবার্ট ব্লেক বলেন, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে যুক্তরাষ্ট্র কোনো হস্তক্ষেপ করতে চায় না। অভ্যন্তরীণ বিষয়ে যুক্তরাষ্ট্র কোনো মতও দেবে না। এখানে কী ধরনের সরকার হবে, তা দলগুলো আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেবে। যুক্তরাষ্ট্র চায় আলোচনার মাধ্যমে দলগুলো রাজনৈতিক সমস্যার সমাধানে পৌঁছাক। তিনি বলেন, আলোচনার মাধ্যমে সবার অংশগ্রহণে সুষ্ঠু নির্বাচন হোক, এটা রাজনৈতিক দলগুলো নিশ্চিত করুক। আলোচনা সংসদে বা সংসদের বাইরে হতে পারে।পদ্মা সেতু প্রসঙ্গে রবার্ট ও ব্লেক বলেন, বাংলাদেশের জন্য পদ্মা সেতু একটি গুরুত্বপূর্ণ প্রকল্প। তাই এখানে বিশ্বব্যাংক ও বাংলাদেশ সরকার স্বচ্ছতার সঙ্গে কাজ করবে—এটাই যুক্তরাষ্ট্রের চাওয়া। রবার্ট ব্লেক জানান, বিরোধীদলীয় নেতার সঙ্গে দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশে যুক্তরাষ্ট্রের বিনিয়োগ বাড়ানো, শুল্কমুক্ত পণ্য প্রবেশ, জলবায়ু পরিস্থিতি এবং আঞ্চলিক পরিস্থিতি নিয়েও কথা হয়েছে। বৈঠকের আলোচনা প্রসঙ্গে বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী সাংবাদিকদের বলেন, মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী জানতে চেয়েছেন, বিএনপি ক্ষমতায় গেলে কোন বিষয়কে গুরুত্ব দেবে। জবাবে খালেদা জিয়া বলেছেন, তিনি মতৈক্যের ভিত্তিতে দেশ পরিচালনা করবেন। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের স্বার্থে তিনি যেকোনো সময় যেকোনো স্থানে আলোচনায় বসতে প্রস্তুত।বৈঠকে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান ও সাবিহউদ্দিন আহমেদ এবং বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনা উপস্থিত ছিলেন।