সব দলের অংশগ্রহণে গ্রহণযোগ্য নির্বাচন আহ্বান
সব দলের অংশগ্রহণ নিশ্চিত করে আগামী জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করা এ সময়ের জরুরি কর্তব্য। তা না করতে পারলে দেশ এক অনিশ্চিত ভবিষ্যতের মধ্যে পড়বে। তাই দ্রুত পরস্পরের আলোচনা ও সমঝোতায় পৌঁছানোর উদ্যোগ গ্রহণ করতে হবে।
গতকাল বুধবার সকালে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) সঙ্গে প্রগতিশীল গণতান্ত্রিক জোটনেতাদের এক সভায় এ আহ্বান জানানো হয়। সভায় অবিলম্বে জামায়াত-শিবির, হেফাজতসহ সাম্প্রদায়িক রাজনীতি নিষিদ্ধের দাবি জানানো হয়। একই সঙ্গে জামায়াত-শিবির, হেফাজত জঙ্গি সাম্প্রদায়িক গোষ্ঠীর বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে আহ্বান জানানো হয়।
চলমান রাজনৈতিক সংকট নিরসনে এবং সব দলের অংশগ্রহণের ভিত্তিতে একটি গ্রহণযোগ্য নির্বাচনের পথ বের করতে সিপিবি ও বাসদ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে আলোচনার অংশ হিসেবে ওই বৈঠক করে। রাজধানীর পুরানা পল্টনের মুক্তিভবনে সিপিবির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদ, বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান, কেন্দ্রীয় কমিটির সদস্য বজলুর রশীদ ফিরোজ, প্রগতিশীল গণতান্ত্রিক জোটের আ ব ম মোস্তফা আমীন, মনজুরুল হক শিকদার প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।
১৬ নভেম্বর নাগরিক সমাবেশ: ‘সংঘাত নয়, সমঝোতা চাই’—এ আহ্বানে সিপিবি ও বাসদের উদ্যোগে ১৬ নভেম্বর শনিবার বিকেল সাড়ে তিনটায় কেন্দ্রীয় শহীদ মিনারে নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হবে। ঢাকা ছাড়াও সারা দেশে সিপিবি-বাসদের উদ্যোগে একই ধরনের কর্মসূচি পালিত হবে। বিজ্ঞপ্তি।