যোগাযোগমন্ত্রী ও ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাত্
সব দলের অংশগ্রহণে গ্রহণযোগ্য নির্বাচন করা সম্ভব হবে: কাদের

নির্বাচনের আগে এবং পরে সহিংসতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত জন ডেনিলিস। আজ বুধবার রাজধানীর বনানীতে সেতু ভবনে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে এক বৈঠকে তিনি এ উদ্বেগের কথা জানান। বৈঠক শেষে ওবায়দুল কাদের বৈঠকের বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তিনি বলেন, ‘নির্বাচন নিয়ে কিছু জটিলতা আছে, তা কাটিয়ে ওঠার চেষ্টা করছি। আশা করছি সব দলের অংশগ্রহণের মাধ্যমে একটা গ্রহণযোগ্য নির্বাচন করা সম্ভব হবে।’ ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশের যে গণতন্ত্র আছে, তাতে বাইরে থেকে মার্কিন যুক্তরাষ্ট্র কিছু চাপিয়ে দেবে না। জন ডেনিলিস বিশ্বাস করেন, নির্বাচনকালীন সরকার এবং যেসব জটিলতা আছে, তা বাংলাদেশ সরকারই সমাধান করবে। যোগাযোগমন্ত্রী বলেন, ‘আমরাও বিশ্বাস করি যে আমরাই আমাদের সমস্যা সমাধান করতে পারব।’ যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের অগ্রাধিকারমূলক বাজার-সুবিধা জিএসপি ফিরিয়ে দেওয়া সম্পর্কে মার্কিন মনোভাব ইতিবাচক উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, সরকার পোশাক কারখানার উন্নয়ন এবং শ্রমিকদের অধিকারের বিষয়ে কতগুলো ব্যবস্থা নিয়েছে। যুক্তরাষ্ট্র এগুলো বিবেচনা করছে। জিএসপি ফিরিয়ে দেওয়ার ব্যাপারে তারা বিবেচনা করবে। এসব প্রয়াস অব্যাহত থাকলে তারা জিএসপি-সুবিধা ফিরিয়ে দেওয়ার বিষয়টি বিবেচনা করবে।