সব দলের অংশগ্রহণে নির্বাচন দেখতে চাই: মজীনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ড্যান ডব্লিউ মজীনা
ড্যান ডব্লিউ মজীনা

বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা বলেছেন, ‘বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক বিষয়ে মার্কিনরা কোনো হস্তক্ষেপ করবে না। জাতীয় নির্বাচন কীভাবে গ্রহণযোগ্য হবে, তা নির্ধারণ করবে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো। তবে আমরা সব দলের অংশগ্রহণে নির্বাচন দেখতে চাই। এজন্য জন কেরি দুই নেত্রীকে চিঠি দিয়েছেন।’

সুনামগঞ্জ পৌর শহরের সুরমা ভ্যালি রেস্ট হাউসে আজ বৃহস্পতিবার সকালে সাংবাদিকদের মজীনা এসব কথা বলেন। ।

ড্যান মজীনা বলেন, ‘বাংলাদেশকে তার নিজস্ব গতিতে এগিয়ে যেতে হবে। নিজেদের মধ্যে গঠনমূলক আলাপ-আলোচনা করেই একটি সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন করতে হবে।’

সুনামগঞ্জের সাম্প্রদায়িক সম্প্রীতি দেখে ড্যান মজীনা বলেন, ‘এখানে মুসলিম, হিন্দু ও আদিবাসীরা একসঙ্গে বসবাস করছে। এটি অনন্য দৃষ্টান্ত। এটিই প্রকৃত বাংলাদেশ। ফেব্রুয়ারিতে রামুসহ দেশের বিভিন্ন এলাকায় সংখ্যালঘুদের ওপর যে নির্যাতন দেখেছি, এটি বাংলাদেশের চিত্র নয়। এটি ছিল লোভ, দুর্নীতি ও ভূমিদস্যুতার বহিঃপ্রকাশ। এর সঙ্গে ধর্মের কোনো সম্পৃক্ততা ছিল না।’

দুদিনের ব্যক্তিগত সফরে গত মঙ্গলবার সন্ধ্যায় সুনামগঞ্জ যান ড্যান মজীনা। আজ বৃহস্পতিবার সকালে তিনি সুনামগঞ্জ ত্যাগ করেন। সুনামগঞ্জ  সফরকালে ড্যান মজীনার স্ত্রী গ্রেস মজীনা তাঁর সঙ্গে ছিলেন। সফরকালে তিনি টাঙ্গুয়ার হাওর, বড়ছড়া-চারাগাঁও স্থলবন্দর, টেকেরঘাটের বারেকটিলা পরিদর্শন করেন।