
আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে আজ মঙ্গলবার বৈঠক করেছেন কয়েকটি দেশের রাষ্ট্রদূত ও বিদেশি সংস্থার প্রতিনিধিরা। বাংলাদেশে সব দলের অংশগ্রহণে একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন দেখতে চান বলে তাঁরা ইসিকে জানিয়েছেন।
বৈঠকে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সুইজারল্যান্ড, জাপান, সুইডেন, নরওয়ে, ডেনমার্ক, নেদারল্যান্ডস, জার্মানি, অস্ট্রেলিয়া, কানাডা ও দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতেরা অংশ নেন। এ ছাড়া জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন (ইউই) ও ইউএনডিপির প্রতিনিধিরা এই বৈঠকে উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়ক নিল ওয়াকার সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তিনি জানান, সবার অংশগ্রহণে একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন দেখতে চান তাঁরা। তাঁরা ইসিকে নানা বিষয়ে কারিগরি সহযোগিতা দিয়ে থাকেন। সে সব বিষয়ে ইসির সঙ্গে তাঁদের মতবিনিময় হয়েছে। সুুষ্ঠু নির্বাচনের জন্য আরও যা যা দরকার, তা দিতে তাঁরা প্রস্তুত।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দীন আহমেদ সাংবাদিকদের বলেন, ‘নির্বাচনের প্রস্তুতি নিয়ে বৈঠক হয়েছে। বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও সংস্থার প্রতিনিধিরা বাংলাদেশে সবার অংশগ্রহণে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন দেখতে চান। আমরা বলেছি, নির্বাচন সুষ্ঠু হবে। সেই প্রস্তুতি কমিশনের আছে।’
কাজী রকিব উদ্দীন আহমেদ জানান, দাতারা কমিশনকে নির্বাচনের ব্যাপারে কারিগরি সহায়তা দিচ্ছে ও দেবে। তারা যে টাকা দিতে চেয়েছে, কমিশন তার চেয়ে কিছু বেশি চেয়েছে বলে তিনি জানান।