সব দলের অংশগ্রহণে সুষ্ঠু নির্বাচন চায় ইইউ
সমৃদ্ধতর বাংলাদেশ গড়তে সব দলের অংশগ্রহণে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের তাগিদ দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। আজ ১০ ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে দেওয়া এক বিবৃতিতে ইইউ আগামী নির্বাচন নিয়ে এই মনোভাব প্রকাশ করেছে।
গতকাল শনিবার ঢাকায় ইইউ দূতাবাস বিবৃতিটি প্রচার করেছে।
ইইউর বিবৃতিতে বলা হয়েছে, আমরা বিশ্বাস করি গণতান্ত্রিক নির্বাচনের আন্তর্জাতিক আইন মেনে ভবিষ্যতে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনসহ মানবাধিকার ও গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা এবং এর বিকাশ বাংলাদেশকে আরও সমৃদ্ধতর করতে অবদান রাখবে।
বিবৃতিতে বলা হয়েছে, মিয়ানমারের রোহিঙ্গাদের সাম্প্রতিক পরিস্থিতি বিশ্বকে আবার মনে করিয়ে দিচ্ছে, সর্বজনীন মানবাধিকার ঘোষণার প্রায় ৭০ বছর পরও সংস্কৃতি, ধর্ম আর জাতিগত পার্থক্যের কারণে ব্যাপকভিত্তিক নিপীড়নের পাশাপাশি মানুষের অধিকার ঝুঁকির মধ্যে রয়েছে। রোহিঙ্গা জনগোষ্ঠীর সুরক্ষার প্রশ্নে নিজেদের সোচ্চার অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছে ওই সংস্থা। ওই জনগোষ্ঠীর মানুষের অধিকার রক্ষায় বাংলাদেশের অব্যাহত প্রচেষ্টার প্রসঙ্গ উল্লেখ করে তা অব্যাহত রাখার অনুরোধ জানিয়েছে ইইউ।
ইইউর বিবৃতিতে বলা হয়েছে, ১৯৪৮ সালের ১০ ডিসেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে সর্বজনীন মানবাধিকার ঘোষণা গৃহীত হয়েছিল। পরে জাতিসংঘের সব সদস্যরাষ্ট্র নিজেদের আইনে অন্তর্ভুক্ত করেছে। এ বছর সর্বজনীন মানবাধিকার ঘোষণার ৬৯তম বার্ষিকী। মানবিক মর্যাদা, স্বাধীনতা, গণতন্ত্র, সমতা, আইনের শাসন, মানবাধিকারের প্রতি শ্রদ্ধা হচ্ছে ইইউর চুক্তিসমূহ আর ইইউর কাজের মূল্যবোধের প্রধান ভিত্তি। ২০০১ সালে সই হওয়া বাংলাদেশ-ইইউ সহযোগিতা চুক্তিতে দুই পক্ষই জাতিসংঘ সনদ মেনে মানবাধিকার সুরক্ষার মূলনীতিগুলোর গুরুত্বের ব্যাপারে একমত হয়েছিল।
স্থিতিশীলতা, অর্থনৈতিক উন্নয়নসহ বিভিন্ন উন্নয়নমূলক পদক্ষেপ বাস্তবায়নের স্বার্থে জাতি-ধর্ম-বয়স-লিঙ্গ-পরিচয়-সামাজিক অবস্থানের ঊর্ধ্বে উঠে সবার জন্য মানবাধিকারের সুরক্ষা নিশ্চিতের আহ্বান জানিয়েছে ইইউ।