সব দলের অংশগ্রহণের ক্ষেত্র তৈরি করা হচ্ছে: সিইসি

মাগুরা স্টাইলে নির্বাচন আর হবে না বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা। গতকাল সোমবার দুপুরে চট্টগ্রামে সার্কিট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। সিইসি বলেন, গ্রহণযোগ্য নির্বাচন করার জন্য নতুন কমিশন কাজ শুরু করেছে। নির্বাচনে সব দলের অংশগ্রহণের ক্ষেত্র তৈরি করা হচ্ছে।
মাগুরার মতো বিতর্কিত নির্বাচনের আর আশঙ্কা আছে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নে সিইসি বলেন, ‘আমাদের সময়ে নির্বাচন পরিস্থিতি তেমন হবে বলে আমার মনে হয় না। কারণ সব দল অংশগ্রহণ করলে নির্বাচনের পরিস্থিতি আর তেমন হবে না।’
১৯৯৪ সালে বিএনপি ক্ষমতায় থাকার সময় মাগুরা জেলার একটি সংসদীয় আসনের উপনির্বাচনে ব্যাপক অনিয়ম ও কারচুপির ঘটনা ঘটে। এরপর অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলন শুরু করে ওই সংসদের প্রধান বিরোধী দল আওয়ামী লীগ।
আগামী সংসদ নির্বাচনের আগে রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা হবে বলে উল্লেখ করেন সিইসি। তিনি বলেন, কীভাবে রিটার্নিং অফিসার, প্রিসাইডিং অফিসার, সহকারী প্রিসাইডিং অফিসার নিয়োগ হবে—এসব বিষয় নিয়ে নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা হবে। এসব বিষয়ে রাজনৈতিক দলগুলোর পরামর্শ যদি থাকে, তাহলে কমিশন তাতে স্বাগত জানাব।
কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন করার আপাতত কোনো প্রয়োজনীয়তা দেখছেন না সিইসি নুরুল হুদা। তিনি বলেন, ‘যদি আমাদের কাছে প্রয়োজন মনে হয়, তাহলে সেনাবাহিনী আসবে। এর জন্য তাদের (সেনাবাহিনী) প্রস্তুত থাকতে বলা হয়েছে।’
এর আগে গতকাল বেলা ১১টায় চট্টগ্রাম সার্কিট হাউসের সম্মেলনকক্ষে স্মার্ট জাতীয় পরিচয়পত্র (স্মার্ট কার্ড) বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিইসি। চট্টগ্রাম জেলা প্রশাসক মো. সামশুল আরেফিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী। বক্তব্য দেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন, নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব মোহাম্মদ আবদুল্লাহ, এনআইডি (জাতীয় পরিচয়পত্র) উইংয়ের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সাইদুল ইসলাম ও উপপরিচালক আবদুল বাতেন।
অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন, সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী, অধ্যাপক অনুপম সেন, কবি ও সাংবাদিক আবুল মোমেন এবং চট্টগ্রাম চেম্বার অ্যান্ড কমার্স ইন্ডাস্ট্রিজের সভাপতি মাহবুবুল হকের হাতে স্মার্ট কার্ড তুলে দেন সিইসি।