সব দিক বিবেচনার পর সিদ্ধান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা আবারও বলেছেন, সব দিক বিবেচনা করে চট্টগ্রামে হাইকোর্টের সার্কিট বেঞ্চ স্থাপনের বিষয়ে সিদ্ধান্ত হবে। এটি তাৎক্ষণিক সিদ্ধান্ত নেওয়ার মতো কোনো বিষয় নয়। হাইকোর্টের সার্কিট বেঞ্চ বাস্তবায়ন পরিষদ চট্টগ্রামের নেতাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
গতকাল শুক্রবার সকালে চট্টগ্রাম সার্কিট হাউসে এ সভা হয়। এর আগে গত বুধবার চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির মিলনায়তনে আইনজীবীদের সঙ্গে মতবিনিময়কালে প্রধান বিচারপতি বলেছিলেন, হাইকোর্টের সার্কিট বেঞ্চ স্থাপনের সিদ্ধান্ত তড়িঘড়ি করে নেওয়া হবে না।
প্রধান বিচারপতির সঙ্গে মতবিনিময়ের পর হাইকোর্টের সার্কিট বেঞ্চ বাস্তবায়ন পরিষদ চট্টগ্রামের আহ্বায়ক ও জেলা সরকারি কৌঁসুলি আবুল হাশেম প্রথম আলোকে বলেন, চট্টগ্রামে হাইকোর্টের সার্কিট বেঞ্চ স্থাপনের জন্য প্রধান বিচারপতিকে অনুরোধ করা হয়। বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামকে দেশের অন্য বিভাগ থেকে আলাদা গুরুত্ব দিয়ে বিচারপ্রার্থীদের দুর্ভোগ লাঘবের জন্য সার্কিট বেঞ্চ স্থাপনে তাঁর দৃষ্টি আকর্ষণ করা হয়। পরে প্রধান বিচারপতি তাঁর বক্তব্যে বলেন, এখানে মর্যাদার বিষয় আছে, সংবিধান ও মামলার সংখ্যা—সব দিক বিবেচনায় নিয়ে জ্যেষ্ঠ বিচারকদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিতে হবে।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল সৈয়দ আমিনুল ইসলাম, চট্টগ্রামের জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন আহমেদ, বার কাউন্সিলের সদস্য ইব্রাহীম হোসেন চৌধুরী বাবুল, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি মুজিবুল হক, চট্টগ্রাম মহানগর সরকারি কৌঁসুলি মো. ফখরুদ্দিন চৌধুরী, জ্যেষ্ঠ আইনজীবী আনোয়ারুল ইসলাম চৌধুরী প্রমুখ।
পরে সন্ধ্যায় প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা নগরের জে এম সেন হল প্রাঙ্গণে শ্রীশ্রী জন্মাষ্টমী উদ্যাপন পরিষদ আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন। সেখানে প্রধান অতিথির বক্তব্যে তিনি ধর্মীয় সহাবস্থান বজায় রাখার ওপর জোর দেন।
পরিষদের মহানগর কমিটির সভাপতি কাজল কান্তি দত্তের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন রামকৃষ্ণ মিশন চট্টগ্রামের মহারাজ স্বামী শক্তিনাথনন্দ। মঙ্গলপ্রদীপ প্রজ্বালন করেন বাঁশখালী ঋষিধামের মহারাজ স্বামী সুদর্শানন্দ। এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল সৈয়দ আমিনুল ইসলাম।
অনুষ্ঠানে বক্তব্য দেন চট্টগ্রামের জেলা ও দায়রা জজ মো. নুরুল হুদা, পরিষদের সাধারণ সম্পাদক তপন কান্তি দাশ, সাবেক সভাপতি দেবাশীষ পালিত, এফবিসিসিআইয়ের পরিচালক দীলিপ কুমার আগারওয়াল, আইনজীবী চন্দন তালুকদার, গৌরাঙ্গ কুমার দে প্রমুখ।