সব দিন যদি এমন সেবা মিলত!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় পাবলিক সার্ভিস দিবস উপলক্ষে নওগাঁ বিআরটিএ বিশেষ সেবা কর্মসূচির আয়োজন করে। শহরের বাস স্ট্যান্ড এলাকায় আয়োজিত অনুষ্ঠানে সেবা গ্রহীতার হাতে ড্রাইভিং লাইসেন্স তুলে দেন পুলিশ সুপার মোজাম্মেল হক। ছবি: প্রথম আলো।
জাতীয় পাবলিক সার্ভিস দিবস উপলক্ষে নওগাঁ বিআরটিএ বিশেষ সেবা কর্মসূচির আয়োজন করে। শহরের বাস স্ট্যান্ড এলাকায় আয়োজিত অনুষ্ঠানে সেবা গ্রহীতার হাতে ড্রাইভিং লাইসেন্স তুলে দেন পুলিশ সুপার মোজাম্মেল হক। ছবি: প্রথম আলো।

পোরশা উপজেলা থেকে ৭০ কিলোমিটার দূরের নওগাঁ বিআরটিএ অফিসে এসেছিলেন আসাদুল ইসলাম। আজ রোববার মোটরসাইকেলের নিবন্ধন করতে এসে তিনি হতভম্ব। গাড়ির কাগজপত্র দেখানোর সঙ্গে সঙ্গে গাড়ির নিবন্ধন নম্বর পেয়ে যান তিনি। এই সেবা পেয়ে তিনি খুশি। তিনি বলেন, ‘বিআরটিএ অফিসের সেবা এবং দালালদের দৌরাত্ম্য সম্পর্কে অন্যদের কাছে খোঁজখবর নিয়েছিলাম। আমার ধারণা ছিল, কাগজপত্র জমা দেওয়ার পর এক বছর লাগবে। কিন্তু নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত কোনো টাকা দেওয়া লাগেনি। এক দিনেই গাড়ির নিবন্ধন হয়ে যাবে, এটা আমার কল্পনাতেই ছিল না।’

আজ রোববার ছিল জাতীয় ‘পাবলিক সার্ভিস দিবস’। দিবসটি উপলক্ষে সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছানোর লক্ষ্যে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) নওগাঁ সার্কেলের উদ্যোগে মোটরযান নিবন্ধন, শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স, গাড়ির ফিটনেস সার্টিফিকেটসহ সব কার্যক্রমের তৎক্ষণাৎ সেবা পান সেবাগ্রহীতারা।

নির্ধারিত কার্যালয় সেবা না দিয়ে নওগাঁ-রাজশাহী মহাসড়কের পাশে বালুডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় ভ্রাম্যমাণ ক্যাম্প করে বিশেষ এ সেবা দেওয়া হয়। বেলুন ও ফেস্টুন উড়িয়ে বিশেষ সেবা কার্যক্রমের উদ্বোধন করেন পুলিশ সুপার মোজাম্মেল হক।

বালুডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আ ত ম আবদুল্লাহেল বাকী। অন্যদের মধ্যে বক্তব্য দেন নওগাঁ বিআরটিএ কার্যালয়ের সহকারী পরিচালক এ টি এম ময়নুল হাসান, নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি কায়েস উদ্দিন, মোটর শ্রমিক ইউনিয়ন নেতা শফিউল আলম প্রমুখ।

আসাদুলের মতো মোটরযানের নিবন্ধন, ড্রাইভিং লাইসেন্সসহ বিভিন্ন ধরনের সেবা নিতে আসা গ্রাহকেরা তৎক্ষণাৎ সেবা পেয়ে খুশি হয়েছেন। সেবাগ্রহীতাদের কয়েকজন বলেন, ‘এ ধরনের সেবা যদি সব দিন মিলত, তাহলে বিআরটিএ অফিসে সেবা নিতে আসা মানুষদের আর ভোগান্তি পোহাতে হতো না। শুধু কোনো বিশেষ দিন না হয়ে কোনো প্রকার হয়রানি ছাড়াই যেন সারা বছর সেবা দেওয়া হয়।’

নিয়ামতপুর থেকে আসা মোস্তাফিজুর রহমান বলেন, ‘শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্সের জন্য ব্যাংকে নির্ধারিত টাকা জমা দেওয়ার পর বিআরটিএ অফিসে জানতে পারি বিশেষ সেবার কথা। কাগজপত্র জমা দেওয়ার পর ঝামেলা ছাড়াই ড্রাইভিং লাইসেন্স পেয়েছি।’

বিআরটিএ সূত্র বলছে, রোববার বেলা তিনটা পর্যন্ত ৫৫টি মোটরযানের নিবন্ধন, ৮৫ জনকে শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স, নিবন্ধন ও ছবি তোলার জন্য অনলাইন সেবা পেয়েছেন ১৫০ জন গ্রাহক।

নওগাঁ বিআরটিএ কার্যালয়ের সহকারী পরিচালক এ টি এম ময়নুল হাসান বলেন, ‘জাতীয় পাবলিক সার্ভিস দিবস উপলক্ষে এই বিশেষ সেবা দেওয়া হয়। তবে প্রতিদিনই আমরা জনগণকে এভাবে সেবা দেওয়ার চেষ্টা করি। তবে জনবল-সংকটের কারণে ইচ্ছে থাকলেও প্রত্যাশা অনুযায়ী গ্রাহকদের সেবা দেওয়া সম্ভব হয় না।’