সব দুর্যোগ মোকাবিলা করে এগিয়ে যাব: প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, প্রাকৃতিক দুর্যোগের পাশাপাশি ‘মানবসৃষ্ট সব ধরনের দুর্যোগ’ মোকাবিলা করে দেশকে আরও এগিয়ে নিয়ে যাবেন। এ ব্যাপারে তিনি দৃঢ়প্রতিজ্ঞ। গতকাল বুধবার নিজ কার্যালয়ে বাংলাদেশ পরিকল্পনা কমিশনের সভায় এ কথা বলেন তিনি। খবর বাসসের।
শেখ হাসিনা বলেন, ‘একসময় উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে প্রধান বাধাগুলো ছিল প্রাকৃতিক দুর্যোগ। কিন্তু এখন আমাদের প্রাকৃতিক দুর্যোগের পাশাপাশি “মানবসৃষ্ট দুর্যোগ” মোকাবিলা করতে হয়। চলমান সহিংসতা সম্পর্কে তিনি বলেন, বিএনপি-জামায়াত অবরোধ ও হরতাল কর্মসূচির নামে জ্বালাও পোড়াও করছে। গাড়িতে পেট্রলবোমা মেরে মানুষকে পুড়িয়ে মারছে।
সভাশেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব এ কে এম শামীম চৌধুরী প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান। তিনি আরও বলেন, দীর্ঘ ৩০ বছর পর ওই সভা হলো। এর আগে কমিশনের সর্বশেষ সভা হয়েছিল ১৯৮৪ সালে। সভায় প্রধানমন্ত্রী বলেছেন, বাংলাদেশকে স্বনির্ভর ও মর্যাদাবান করতে অন্যদের ওপর নির্ভশীলতা নয়, স্থানীয় সম্পদের যথাযথ ব্যবহার করতে হবে। তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্ধারিত সময়ের মধ্যেই উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের নির্দেশ দেন। এ ছাড়া তিনি আরও কর্ম সৃষ্টি এবং পাট ও পাটজাত পণ্য উৎপাদন এবং বিপণন বৃদ্ধির প্রয়োজনীয়তা সম্পর্কে জোর দেন।