সব দৃষ্টি গিয়ে মিলেছে স্মৃতির মিনারে
বুকে শোকের ব্যাজ, মুখে আলপনা, মাথায় জাতীয় পতাকা আর হাতে ফুল। গন্তব্য শহীদ মিনার। আর সবার মুখে মুখে ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি/ আমি কি ভুলিতে পারি’।
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহর থেকে গতকাল রোববার দুপুর পর্যন্ত এমনই ছিল সারা দেশের চিত্র। বিভাগীয় শহরগুলোতে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনে নানা কর্মসূচি হাতে নেওয়া হয়।
চট্টগ্রামে একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন। এরপর সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন কাউন্সিলরদের নিয়ে শ্রদ্ধা জানান। এর আগে পুলিশের একটি চৌকস দল শহীদ মিনারে গার্ড অব অনার প্রদান করে।
রাতে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী ও সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন শ্রদ্ধা জানান। এ সময় দলীয় নেতা-কর্মীরা ‘জয় বাংলা’ স্লোগান দেন।
বিএনপির পক্ষে শ্রদ্ধা জানিয়েছেন চট্টগ্রাম মহানগর বিএনপির সহসভাপতি আবু সুফিয়ান ও সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন। এ সময় দলের অসংখ্য নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে রাত সাড়ে ১১টার মধ্যে মানুষের দীর্ঘ লাইন পড়ে যায়। যান চলাচল বন্ধ করে দেওয়া হয় সামনের সড়কে। রাত ১২টা ১ মিনিটে প্রথম শ্রদ্ধা নিবেদন করেন সংসদ সদস্য আবুল হাসানাত আবদুল্লাহ, জেবুন্নেছা আফরোজ, তালুকদার মো. ইউনুস ও শেখ মো. টিপু সুলতান। শ্রদ্ধা নিবেদন করেন মুক্তিযোদ্ধা সংসদ বরিশাল জেলা কমান্ডের সদস্যরা, বিভাগীয় কমিশনার, ডিআইজি, বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, মেট্রোপলিটন পুলিশ কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ বিভিন্ন সংগঠন।
গতকাল সকালে শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগ, বিএনপি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, জাতীয় পার্টি, জাসদ, বাসদ, গণফোরাম, ন্যাপসহ বিভিন্ন দল ও সংগঠনের নেতা ও প্রতিনিধিরা।
শ্রদ্ধা নিবেদনের সঙ্গে সঙ্গে শহীদ মিনার প্রাঙ্গণে প্রথম আলো বন্ধুসভার আয়োজনে একুশের বইমেলা জমে ওঠে। সন্ধ্যায় বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদ, শিশু একাডেমী ও জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা, পুরস্কার প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সিলেটে সূর্যদয়ের সঙ্গে সঙ্গে পুরান লেন এলাকায় একুশের কবিতা ও গান পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। এরপর সাংস্কৃতিক সংগঠন শ্রুতি বর্ণমালার মিছিল করে। সেটি সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। এ ছাড়া কেন্দ্রীয় শহীদ মিনারে একুশের প্রথম প্রহরে সম্মিলিত নাট্য পরিষদ এবং গতকাল সকালে সম্মিলিত সাংস্কৃতিক জোটের ব্যবস্থাপনায় গান, আবৃত্তি, নৃত্যসহ একুশের নানা কর্মসূচি পালন করা হয়।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রথম প্রহরে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানান উপাচার্য মো. আমিনুল হক ভূইয়া। এ ছাড়া প্রথম আলো বন্ধুসভা, শিকড়, শিক্ষক সমিতিসহ বিভিন্ন বিভাগ ও সাংস্কৃতিক সংগঠন শহীদদের প্রতি শ্রদ্ধা জানায়। গতকাল সকালে বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে ‘ভাষাভিত্তিক সাম্রাজ্যবাদে নবধারার ঔপনিবেশিকতা: প্রেক্ষাপট বাংলাদেশ’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন আধুনিক ভাষা ইনস্টিটিউটের পরিচালক হিমাদ্রী শেখর রায়। সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন নিয়াজ আহম্মেদের সভাপতিত্বে প্রবন্ধের ওপর আলোচনা করেন উপাচার্য মো. আমিনুল হক ভূইয়া, অধ্যাপক রেজা-ই-করিম খন্দকার, অধ্যাপক মোহাম্মদ জহিরুল ইসলাম, অধ্যাপক শরদিন্দু ভট্টাচার্য, সহযোগী অধ্যাপক তাহমিনা ইসলাম প্রমুখ।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রাত ১২টা ১ মিনিটে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে কর্মসূচির শুরু করেন উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন। এরপরই পুষ্পস্তবক অর্পণ করে বিভিন্ন সংগঠন। সকাল থেকে বিভিন্ন বিভাগ, পেশাজীবী সমিতি, সংগঠন ও অ্যালামনাই অ্যাসোসিয়েশন প্রভাত ফেরি করে শহীদ মিনারে গিয়ে শ্রদ্ধা নিবেদন করে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শহীদ মিনার প্রাঙ্গণে বাড়তে থাকে মানুষের ভিড়। হাতে ছিল ফুল, জাতীয় পতাকা আর নানা স্লোগান ও দাবি-সংবলিত প্ল্যাকার্ড। সকাল সাড়ে আটটায় কাজী নজরুল ইসলাম মিলনায়তনের পশ্চিম চত্বরে বিশ্ববিদ্যালয় অফিসার সমিতির আলোচনা সভা এবং ১০টায় সিনেট ভবন চত্বরে চিত্রাঙ্কন ও বাংলা হস্তলিপি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ ছাড়া সকাল সাড়ে ১০টায় সহায়ক কর্মচারী সমিতি ও পরিবহন টেকনিক্যাল কর্মচারী সমিতি এবং সাধারণ কর্মচারী ইউনিয়ন নিজ নিজ কার্যালয়ে আলোচনা সভা করে। একই সময়ে কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ও রাজশাহী বিশ্ববিদ্যালয় ইউনিট কমান্ডের আলোচনা সভা হয়। বাদ জোহর কেন্দ্রীয় জামে মসজিদে আয়োজন করা হয় কোরআনখানি ও বিশেষ মোনাজাতের। সন্ধ্যা সাড়ে ছয়টায় কাজী নজরুল ইসলাম মিলনায়তনে পরিবেশিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।
বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবন-২-এর সামনে স্বেচ্ছাসেবী সংগঠন নবজাগরণ ফাউন্ডেশন তিন দিনব্যাপী একুশে বইমেলার আয়োজন করেছে। সেখান থেকে লাভের একটা অংশ পথশিশুদের জন্য ব্যয় করা হবে বলে জানিয়েছেন আয়োজকেরা।
রংপুরে একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে বিভাগীয় কমিশনার, পুলিশের ডিআইজি, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, জেলা ও মহানগর আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টিসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পুষ্পমাল্য অর্পণ করে। গতকাল সন্ধ্যায় কেন্দ্রীয় শহীদ মিনারে জেলা প্রশাসন আয়োজন করে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের। এ ছাড়া সকাল ১০টায় শিশু একাডেমী চত্বরে চিত্রাঙ্কন, রচনা, হাতের লেখা, দেশের গান ও সুবিধাবঞ্চিত শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা হয়। টাউন হল চত্বরে প্রথম আলো বন্ধুসভা আয়োজন করেছে সাত দিনব্যাপী বইমেলার।
প্রতিবেদন তৈরিতে তথ্য পাঠিয়েছেন নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম ও রংপুর, বরিশাল অফিস এবং সিলেট, রাজশাহী বিশ্ববিদ্যালয় ও শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি