ঢাকা বিদ্যুৎ বিতরণ কোম্পানির (ডিপিডিসি) সরবরাহ করা লাইনে ভোল্টেজের ফেইজ পরিবর্তনের কারণেই ৩৩ মিনিট লিফটে আটকে ছিলেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। তবে মন্ত্রীর আটকে থাকার কারণ ভোল্টেজ হলেও উদ্ধারকাজে আনাড়ি ছিলেন লিফট অপারেটর।
সচিবালয়ের একটি ভবনে মন্ত্রীর লিফটে আটকে থাকার ঘটনায় গঠিত তদন্ত কমিটি এই মতামত দিয়েছে। ১০ অক্টোবর বিকেলে সচিবালয়ে ২ ও ৩ নম্বর ভবনের মাঝখানের লিফটে আটকে পড়েন স্বাস্থ্যমন্ত্রী। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা লিফটের দরজা ভেঙে তাঁকে উদ্ধার করেন।
স্বাস্থ্যমন্ত্রী এ ঘটনা তদন্তের জন্য গণপূর্ত ও গৃহায়ণ মন্ত্রণালয়ে একটি চিঠি দেন। সেই চিঠিতে তিনি অভিযোগ করেন, ওই ৩৩ মিনিটে তাঁর জীবন সংকটাপন্ন হওয়ার উপক্রম হয়। এরপর গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবকে প্রধান করে তিন সদস্যের কমিটি হয়। কমিটি তাদের প্রতিবেদনও চূড়ান্ত করেছে।
কমিটির প্রতিবেদনে বলা হয়েছে, বিদ্যুতের ফেইজ পরিবর্তনের কারণে ওই সময় জনপ্রশাসন মন্ত্রণালয়ের সার্ভারটি বন্ধ হয়ে যায়। তখন থ্রি-ফেইজ মোটরটি উল্টো ঘুরতে থাকে। সন্ধ্যায় ডিপিডিসি ফেইজ পরিবর্তন করলে আগের অবস্থানে আসে। কমিটির একজন কর্মকর্তা জানান, লিফট অপারেটর আবদুল্লাহ আল মামুন উদ্ধারকাজে অভিজ্ঞ নন। তিনি আটকে পড়া লোকজনকে উদ্ধারের ব্যাপারে কোনো প্রশ্নের উত্তর দিতে পারেননি।
তদন্ত কমিটির আরেকজন কর্মকর্তা জানান, দুর্ঘটনার দিন লিফটটি দুই ফ্লোরের মাঝামাঝি আটকে যায়। এ ব্যাপারে লিফট সরবরাহকারী প্রতিষ্ঠান এবং সংশ্লিষ্ট গণপূর্ত কর্মকর্তাদের জিজ্ঞাসা করলে তাঁরা কমিটিকে জানান, ডিপিডিসির সরবরাহ করা সাপ্লাই ভোল্টেজের ফেইজ সিকোয়েন্স রিভার্স থাকার কারণে লিফট আটকে যায়। কমিটির সদস্যরা ফেইজ পরিবর্তন করে সেটা পরীক্ষা করেন। তাঁরা নিশ্চিত হন যে ঘটনার দিন লিফটটি জেনারেটরের সাপ্লাই লাইনে চালু থাকা অবস্থায় ডিপিডিসির লাইনে বিদ্যুৎ চলে আসে, সঙ্গে সঙ্গে লিফটটি হঠাৎ বন্ধ হয়ে যায়। লিফট সংশ্লিষ্ট ব্যক্তিরা সেটা বুঝতে পারেননি।
কমিটি তাদের সুপারিশে জানায়, সচিবালয়ে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে সক্ষম এমন উপকেন্দ্র স্থাপন করতে হবে। আবার সরকারি ব্যবস্থাপনায় পরিচালিত লিফট সুষ্ঠুভাবে পরিচালনা ও রক্ষণাবেক্ষণ ও লগ সংরক্ষণ করতে হবে। লিফট পরিচালনার জন্য দক্ষ অপারেটর নিয়োগ দিতে হবে। লিফট পরিচালনার জন্য লিফট অপারেটরদের প্রশিক্ষণও দিতে হবে।