সব দোষ প্রতিবাদী কিশোরদেরই!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের টঙ্গীতে কিশোর উন্নয়নকেন্দ্র
গাজীপুরের টঙ্গীতে কিশোর উন্নয়নকেন্দ্র

গাজীপুরের টঙ্গীতে কিশোর উন্নয়নকেন্দ্রে নিজেদের শরীর কেটে প্রতিবাদ জানানোর ঘটনায় ওই ২০ কিশোরকেই দোষী করা হয়েছে। নির্দোষ প্রমাণ করা হয়েছে কেন্দ্রের অভিযোগ ওঠা তত্কালীন ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়কসহ কর্মকর্তা-কর্মচারীদের। হাইকোর্টের নির্দেশে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে এমন তথ্য মিলেছে।
কেন্দ্রের ২০ কিশোর টিউব লাইটের ভাঙা টুকরা দিয়ে নিজেদের শরীরের বিভিন্ন অংশ কাটে। এ নিয়ে ১৩ ফেব্রুয়ারি প্রথম আলোয় ‘২০ কিশোরের ভয়ংকর প্রতিবাদ’ শীর্ষক খবর প্রকাশিত হয়। এরপর হাইকোর্ট স্বতঃপ্রণোদিত হয়ে বিষয়টি তদন্তে কমিটি গঠন করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেন। প্রতিবেদনটি হাইকোর্টে পাঠানো হলে শুনানি নিয়ে কেন্দ্রের বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, সেটিসহ দুটি বিষয়ে ১৪ মের মধ্যে জানাতে নির্দেশ দেওয়া হয়।
এ বিষয়ে ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিত্ রায় বলেন, ‘আদালত তদন্ত কমিটির বক্তব্য এবং ভুক্তভোগী কিশোর ও অন্যদের বক্তব্যের মধ্যে মিল খুঁজে পাননি। প্রতিবেদনে অভিযুক্ত পুলিশ ও অন্য কর্মচারীদের বিষয়টি এড়িয়ে যাওয়া হয়েছে। অভিযুক্ত পুলিশ ও কেন্দ্রের  অন্যদের বিষয়ে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তা সংশ্লিষ্টদের কাছে জানতে চেয়েছেন আদালত।’
যেভাবে ঘটনার সূত্রপাত

প্রতিবেদন অনুযায়ী, ১১ ফেব্রুয়ারি কেন্দ্রের দায়িত্বরত পুলিশের উপস্থিতিতে এক কিশোর কেন্দ্রের প্রধান ফটকের পাশে চায়ের দোকানে বসে দুই বোতল ডেক্সপোটেন কফ সিরাপ খায়। এটিকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত। ঢাকায় হাজিরা দিতে গেলে ভাইয়ের দেওয়া ৩০০ টাকা দিয়ে পুলিশের মাধ্যমে কফ সিরাপ কিনে খায় কিশোরটি। এ অপরাধে তাকে আলাদা করে রাখা হয়। ভাইকে ডেকে অপমান করা হয়। পরে রাতে ওই কিশোর অন্য কিশোরদের নিয়ে এ ঘটনা ঘটায়।

সব দোষ ২০ কিশোরের!

প্রতিবেদনে শরীর কেটে প্রতিবাদ জানানো ২০ কিশোরকে দোষী করা হয়েছে। তাদের সম্পর্কে বলা হয়, ‘ঘটনার বিষয়ে ভিকটিমদের খারাপ উদ্দেশ্যই প্রতিফলিত হয়েছে।’

কিশোরদের সম্পর্কে বলা হয়েছে, এদের অনেকে কেন্দ্রে আসার আগে থেকেই বিভিন্ন অপরাধ ও মাদক সেবনের সঙ্গে জড়িত। কেন্দ্রের সীমানাপ্রাচীরের বাইরে রশি ফেলে আশপাশের লোকজন, কেন্দ্রের কিছু নিরাপত্তাকর্মী ও কর্মচারীদের মাধ্যমে তারা মাদকদ্রব্য সংগ্রহ করে। এসব অপতত্পরতা বন্ধ করার উদ্যোগ নেওয়ায় কিশোরেরা সংঘবদ্ধ হয়ে এ ঘটনা ঘটিয়েছে।

নির্দোষ কেন্দ্রের তত্কালীন তত্ত্বাবধায়ক!

প্রতিবেদন অনুযায়ী, কেন্দ্রের তত্কালীন দায়িত্বপ্রাপ্ত তত্ত্বাবধায়ক এস এম আনোয়ারুল করিম শারীরিক ও মানসিক নির্যাতন করতেন বলে ২০ কিশোর বক্তব্য দিয়েছে। অন্য ১৩ কিশোর বলেছে, প্রতি তলায় থাকা একজন করে ‘হাউস বড় ভাইয়া’ এবং প্রতি রুমে থাকা দুই-তিনজন ‘বড় ভাইয়া’ তাদের শারীরিক নির্যাতন করেন। কেন্দ্রে শৃঙ্খলা রাখতে ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক এদের শাসন করতেন।

বলা হয়েছে, ‘বড় ভাইয়ারা’ তাদের কর্তৃত্ব বজায় রাখতে এবং মাদক সেবনের সুযোগের জন্য দায়িত্বপ্রাপ্ত তত্ত্বাবধায়ককে বদলির চাপ সৃষ্টির জন্য সংঘবদ্ধভাবে এ ঘটনা ঘটিয়েছে।

তদন্ত কমিটির মতে, ‘কেন্দ্রের কর্মকর্তা-কর্মচারীদের ঘটনা সংঘটনের বিষয়ে কোনো অসত্ উদ্দেশ্যের সত্যতা প্রতিষ্ঠিত হয়নি।’

দোষ নেই পুলিশেরও?

যাকে কেন্দ্র করে ঘটনা সেই কিশোর জানিয়েছে, কেন্দ্রে ফেরত আসার সময় তাকে ৩০০ টাকা এবং পুলিশ সদস্যকে ২০০ টাকা দেন তার ভাই। গুলিস্তানের এক ওষুধের দোকান থেকে সিরাপ কিনে পরে কেন্দ্রের কাছে চায়ের দোকানে বসে সে তা খায়।

কিশোরের বড় ভাইও জানিয়েছেন, তিনি পুলিশকে ২০০ টাকা দিয়েছেন। 

প্রতিবেদন অনুযায়ী, সহকারী উপপরিদর্শক (এএসআই) সাইফুলের সামনে কিশোরটি সিরাপ খেয়েছে। তবে এএসআই সাইফুলের দাবি, তিনি কিশোরের ভাইয়ের কাছ থেকে টাকা নেননি। এ বিষয়ে তদন্ত প্রতিবেদনে আর কিছু বলা হয়নি।

চায়ের দোকানদার জহিরুল ইসলাম কমিটিকে জানান, পুলিশের উপস্থিতিতেই কিশোর সিরাপ খায়। কিন্তু তদন্ত কমিটির সুপারিশে এই পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কোনো কথা নেই।

মিল নেই অন্য প্রতিবেদনের সঙ্গেও

হাইকোর্টের নির্দেশে সমাজসেবা অধিদপ্তরের তত্কালীন ভারপ্রাপ্ত মহাপরিচালক আইয়ুব হোসেনকে আহ্বায়ক করে গাজীপুরের জেলা প্রশাসক নূরুল ইসলাম ও পুলিশ সুপার আবদুল বাতেনকে নিয়ে এই কমিটি গঠন করা হয়েছিল। কমিটি ২৫ ফেব্রুয়ারি সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিবের কাছে প্রতিবেদন জমা দেয়।

এ কমিটি ছাড়াও সমাজসেবা অধিদপ্তরের পরিচালক (প্রতিষ্ঠান) জুলফিকার হায়দার একটি প্রতিবেদন তৈরি করেন। তিনি প্রতিবেদনে বলেন, শারীরিক শাস্তি দেওয়ার ফলেই কিশোরেরা এ কাণ্ড ঘটায়। তিনি খাবারের মান ও চিকিত্সার মান বাড়ানোর সুপারিশ করেন।

জাতীয় মানবাধিকার কমিশনের পক্ষ থেকে করা আরেকটি তদন্ত প্রতিবেদনে বলা হয়, তত্ত্বাবধায়কের দুর্ব্যবহার, কঠিন শারীরিক ও মানসিক শাস্তি, অপমানকর ও তুচ্ছতাচ্ছিল্য আচরণ করার কারণেই কিশোরেরা এ ঘটনা ঘটিয়ে অন্যদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করে। এখানে দোষী কর্মকর্তা-কর্মচারীদের চিহ্নিত করে শাস্তি নিশ্চিতের অনুরোধ ছিল।

এ ব্যাপারে গাজীপুরের জেলা প্রশাসক বলেন, ‘ফাইন্ডিংসগুলো উল্লেখ করেছি।’ আর আইয়ুব হোসেন ‘আদালতের বিষয়’ উল্লেখ করে মন্তব্য করেননি।