সব ধরনের জ্বালানি তেলের দাম কমল
সব ধরনের জ্বালানি তেলের দাম কমাল সরকার। এর মধ্যে ভোক্তা পর্যায়ে অকটেন ও পেট্রল প্রতি লিটারে ১০ টাকা এবং ডিজেল ও কেরোসিন তেলের দাম প্রতি লিটারে ৩ টাকা করে কমানো হয়েছে।
গতকাল রোববার দিবাগত রাত ১২টার পর নতুন এই দাম কার্যকর হওয়ার কথা জানিয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। এখন ভোক্তা পর্যায়ে প্রতি লিটার ডিজেল ও কেরোসিনের দাম ৬৫ টাকা এবং অকটেনের দাম ৮৯ ও পেট্রলের দাম হবে ৮৬ টাকা। জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এ তথ্য জানায়।
২০১৩ সালে আন্তর্জাতিক বাজারের সঙ্গে মূল্য সমন্বয়ের সময় বাংলাদেশে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছিল। তখন প্রতি লিটার অকটেন ৯৯, পেট্রল ৯৬ এবং কেরোসিন ও ডিজেলের দাম ৬৮ টাকা নির্ধারণ করা হয়। এরপর বিশ্ববাজারে জ্বালানি তেলের ব্যাপক দরপতন হলে জ্বালানি তেলের দাম কমানোর দাবি উঠলেও সরকার তা কমায়নি। গত ৩১ মার্চ ফার্নেস তেলের দাম প্রতি লিটার ৬০ টাকা থেকে ৪২ টাকায় নামিয়ে আনা হয়। জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ অন্য সব জ্বালানি তেলের দামও কমানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন।