সব ধর্মের মর্মবাণীর ব্যাপক প্রচারের আহ্বান
‘ধর্মীয় দৃষ্টিতে সাম্প্রদায়িক সম্প্রীতি ও বিশ্বশান্তি’ শীর্ষক এক সেমিনারে বক্তারা বলেছেন, ধর্মের নামে অশান্তি ও সংঘাতের বিপরীতে সব ধর্মের মানুষের মাঝে সম্প্রীতিবোধ ও আন্তধর্মীয় সম্পর্ক সুদৃঢ় করে সারা পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠায় সবাইকে এগিয়ে আসতে হবে। গতকাল শনিবার আন্তর্জাতিক সুফি ঐক্য সংহতি (সুফিজ) আয়োজিত ওই সেমিনারে তাঁরা এ কথা বলেন। কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে অনুষ্ঠিত ওই সেমিনারের প্রধান অতিথি ছিলেন ধর্ম প্রতিমন্ত্রী শাহজাহান মিয়া। সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারীর সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে ধারণাপত্র উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ম. আখতারুজ্জামান। স্বাগত বক্তব্য দেন অধ্যাপক আমিনুল ইসলাম। বক্তব্য দেন বিজ্ঞানী জামাল নজরুল ইসলাম, সাবেক অ্যাটর্নি জেনারেল হাসান আরিফ, অধ্যাপক সুকোমল বড়ুয়া, পরেশ চন্দ্র মণ্ডল, আ ন ম রইসউদ্দিন, জিনবোধি ভিক্ষু, ফাদার বেঞ্জামিন কস্তা, এস এম রফিকুল আলম, প্রাথমিক ও গণশিক্ষাসচিব এম এম নিয়াজউদ্দিন প্রমুখ। বিজ্ঞপ্তি।