সব ধর্মের মানুষ সমান অধিকার নিয়ে বসবাস করবে: প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেখ হাসিনা
শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এ দেশের সব ধর্মের মানুষ সমান অধিকার নিয়ে বসবাস করবে এবং একটি সুখী ও সমৃদ্ধ দেশ গঠনে একযোগে কাজ করবে। গতকাল রোববার নগরের রামকৃষ্ণ মিশন ও ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শনকালে হিন্দু ভক্তদের উদ্দেশে তিনি এ কথা বলেন। খবর বাসসের।
প্রধানমন্ত্রী প্রথমে ঢাকা রামকৃষ্ণ মিশন পরিদর্শন করেন এবং সেখানে ভক্তদের উদ্দেশে বক্তৃতায় বলেন, এ দেশে সব ধর্মের মানুষ ভ্রাতৃত্ববন্ধনের পরিবেশে বসবাস করছে। তিনি বলেন, ‘আপনারা এ মাটির সন্তান এবং এ জন্যই আপনারা এখানে সব অধিকার নিয়ে বসবাস করবেন।’
শেখ হাসিনা হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবে এ সম্প্রদায়ের লোকদের শুভেচ্ছা জানান। এ সময় তিনি তাঁর সরকারের ‘ধর্ম যার যার কিন্তু ধর্মীয় উৎসব সকলের’ নীতির কথা পুনর্ব্যক্ত করেন।
প্রধানমন্ত্রী রামকৃষ্ণ মিশনের পুরোহিত ও ভক্তদের সঙ্গে কথা বলেন এবং শুভেচ্ছা বিনিময় করেন। পরে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে ভক্তদের উদ্দেশে ভাষণে তিনি বলেন, ‘আমরা সংবিধান অনুযায়ী সব ধর্ম-বর্ণ ও শ্রেণীর প্রত্যেকের সমান অধিকার নিশ্চিত করেছি। একইভাবে সব ধর্মের লোকদের মধ্যে আমরা সম্প্রীতি গড়ে তুলেছি।’
শেখ হাসিনা বলেন, সন্ত্রাস, জঙ্গিবাদ ও দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে বদনাম কুড়ানোর কারণে একসময় বাংলাদেশ ব্যর্থ রাষ্ট্রে পরিণত হতে যাচ্ছিল। বর্তমান সরকার বদনাম ঘুচিয়ে বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে। তিনি বলেন, বাংলাদেশ আর কখনো জঙ্গিবাদী ও দুর্নীতিগ্রস্ত দেশ হবে না।
সব বাহিনীতে দুর্যোগ ব্যবস্থাপনা ইউনিট গড়ে তোলার আহ্বান: প্রধানমন্ত্রী যেকোনো প্রাকৃতিক দুর্যোগে এগিয়ে আসতে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনীসহ সব বাহিনীর সক্ষমতা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন। তিনি গতকাল বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০১৩ উদ্বোধনকালে এ গুরুত্বারোপ করেন। তিনি দুর্যোগকালে প্রতিবন্ধী ব্যক্তিদের ওপর অধিকতর মনোযোগ দেওয়ার প্রয়োজনীয়তার কথা উল্ল্লেখ করে দুর্যোগ প্রশমনব্যবস্থা ও নীতি প্রণয়নে প্রতিবন্ধীদের সম্পৃক্ত করার মাধ্যমে বর্তমান অবস্থা পরিবর্তনেরও আহ্বান জানান।
প্রধানমন্ত্রী বলেন, জাতীয় বিল্ডিং কোড বাস্তবায়ন, কন্টিনজেন্সি পরিকল্পনা প্রণয়ন, কমিউনিটি স্বেচ্ছাসেবী তৈরি, প্রয়োজনীয় প্রশিক্ষণ ও সচেতনতা বৃদ্ধির ব্যবস্থা নেওয়া হয়েছে।
নার্গিস জাফরের ইন্তেকালে শোক: প্রধানমন্ত্রী কবি সিকান্দার আবু জাফরের স্ত্রী নার্গিস জাফরের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন। মরহুমার প্রতি শ্রদ্ধা জানাতে তিনি নার্গিস জাফরের ধানমন্ডির বাসায় যান এবং তাঁর কফিনের পাশে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন ও দোয়া করেন।