
যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সরকার ভারতের দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিলেও বাংলাদেশ তিস্তার পানির নায্য হিস্যা পাচ্ছে না, সীমান্তের হিস্যা পাচ্ছে না। তিনি আশা করেন, ভারত বাংলাদেশের সঙ্গে ‘সত্ প্রতিবেশীর’ আচরণ করবে।
আজ বুধবার শ্রীকৃষ্ণের জন্মতিথি উপলক্ষে আয়োজিত আনন্দ শোভাযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী এই আশাবাদ ব্যক্ত করেন।
শোভাযাত্রায় উপস্থিত ভারতীয় ডেপুটি হাইকমিশনার সন্দীপ চক্রবর্তীর সামনেই ওবায়দুল কাদের বলেন, ‘শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার ভারতের প্রতি বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছে। তাদের কাছ থেকেও সত্ প্রতিবেশীর আচরণ আশা করব।’
মন্ত্রী বলেন, ‘বন্ধুত্ব একপক্ষীয় হয় না। দুই পক্ষকেই এগিয়ে আসতে হয়।’
ওবায়দুল কাদের বলেন, ‘আমরা ভারতের কাছ থেকে তিস্তা নদীর পানির হিস্যা পাচ্ছি না, সীমান্তের হিস্যা পাচ্ছি না।’ তিস্তা ও সীমান্ত চুক্তি না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ‘আমি বেদনায় বিদ্ধ হই এটা জেনে যে, ভারতীয় বাংলা ভাষাভাষীরা এর বিরোধিতা করছেন। হিন্দি ভাষাভাষীদের কাছ থেকে এই বাধা এলে কোনো কথা ছিল না।’
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ করে যোগাযোগমন্ত্রী বলেন, ‘তিস্তা নদীর হিস্যা বুঝে পাওয়ার ব্যাপারে আমরা আশাবাদী। আশা করি, এটা আমাদের বুঝিয়ে দেওয়ার ব্যাপারে মমতা ব্যানার্জি কেন্দ্রীয় সরকারকে সহযোগিতা করবেন।’
সব ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে
অনুষ্ঠানে হিন্দুসম্প্রদায়ের লোকজনকে সংখ্যালঘু না ভাবতে বলেছেন যোগাযোগমন্ত্রী। তিনি বলেছেন, বাংলাদেশে একজন মুসলমান নাগরিকের মতো অন্য ধর্মের মানুষের অধিকার রয়েছে।

হিন্দুসম্প্রদায়ের উদ্দেশে মন্ত্রী বলেন, ‘আপনারা নিজেদের কেন সংখ্যালঘু ভাবেন। আপনারা নিজেদের সংখ্যালঘু ভাববেন না। বাংলাদেশে একজন মুসলমানের যে অধিকার রয়েছে, একজন হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান বা অন্য যেকোনো সম্প্রদায়ের লোকের সমান অধিকার রয়েছে। তাই আপনাদের নিজেদের ছোট ভাবার সুযোগ নেই। মাথা উঁচু করে সামনে এগিয়ে যাবেন।’
মন্ত্রী বলেন, শ্রীকৃষ্ণ একাধারে রাজনীতিক, প্রেমিক ও পরোপকারী। তাঁর ব্রত ছিল দুষ্টের দমন ও শিষ্টের লালন। তিনি অশুভের বিরুদ্ধে শুভ প্রতিষ্ঠা করেছিলেন। দুর্জনের বিরুদ্ধে সজ্জন প্রতিষ্ঠা এবং অন্যায়ের বিরুদ্ধে ন্যায় প্রতিষ্ঠা করতে ধরাধামে এসেছিলেন।
ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পাশে পলাশী মোড়ে মহানগর সর্বজনীন পূজা কমিটি ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। সেখানে আরও উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, ভারতীয় ডেপুটি হাইকমিশনার সন্দীপ চক্রবর্তী, সাংসদ মোস্তফা জালাল মহিউদ্দিন এবং হিন্দুসম্প্রদায়ের নেতা মনিন্দ্র কুমার নাথ, বাসুদেব দাস প্রমুখ।
উদ্বোধন অনুষ্ঠান শেষে বিকেল সোয়া চারটায় ঢাকেশ্বরী মন্দির থেকে ঐতিহাসিক জন্মাষ্টমী শোভাযাত্রা বের হয়। এটি হাইকোর্ট, প্রেসক্লাব, পল্টন, গুলিস্তান হয়ে বাহাদুরশাহ পার্কে গিয়ে শেষ হয়।
কথা।