সব ধর্মের লোকের সমঅধিকার নিশ্চিত করা হবে: সাজেদা
আদিবাসীদের বিভিন্ন দাবি-দাওয়া দুই-এক দিনের মধ্যেই প্রতিমন্ত্রী দীপঙ্কর তালুকদার ও প্রমোদ মানকিনকে সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রীর কাছে প্রস্তাবনা আকারে উপস্থাপন করা হবে। আর সংবিধান সংশোধনের মাধ্যমে সব ধর্মের লোকের সমঅধিকার নিশ্চিত করা হবে। গতকাল সোমবার দুপুরে ময়মনসিংহ সার্কিট হাউস মাঠসংলগ্ন জিমনেসিয়ামে বিশ্ব আদিবাসী দিবস উদ্যাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে জাতীয় সংসদের উপনেতা, সংবিধান সংশোধন কমিটির চেয়ারম্যান সৈয়দা সাজেদা চৌধুরী এ কথা বলেছেন। ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (টিডব্লিউএ) আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্থার চেয়ারম্যান ও সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন। তিনি আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি, তাদের ভূমি অধিকার এবং সমতলের আদিবাসীদের জন্য একটি পৃথক মন্ত্রণালয় বা পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের সঙ্গে পার্বত্য চট্টগ্রাম ও আদিবাসীবিষয়ক মন্ত্রণালয় প্রতিষ্ঠাসহ আদিবাসীদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন দাবি তুলে ধরেন। বিশেষ অতিথির বক্তব্যে পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী দীপঙ্কর তালুকদার বলেন, একমাত্র আওয়ামী লীগ সরকারই আদিবাসীদের জন্য কিছু করেছে। বিএনপিসহ অন্য দল আদিবাসীদের স্বীকৃতিই দিতে চায়নি।অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সাংসদ মোসলেম উদ্দিন ও মোশতাক আহমেদ, জেলা প্রশাসক লোকমান হোসেন মিয়া, ইউএনডিপির আঞ্চলিক প্রতিনিধি কাকলী চক্রবর্তী, খ্রিষ্টান অ্যাসোসিয়েশনের মহাসচিব নির্মল রোজারিও, শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজের অধ্যক্ষ মারুফী খান প্রমুখ।