সব নদীতে নাব্যতাসংকট
দেশের সব কটি নৌপথে নাব্যতাসংকট সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্ট সরকারি সূত্রগুলো জানায়, এই ভরা বর্ষায়ও পদ্মা ও মেঘনার মতো বড় নদীতে স্বাভাবিকভাবে, নিশ্চিন্তে নৌযান চলাচল করতে পারছে না।দেশের প্রধান ও ব্যস্ততম নৌপথ হচ্ছে ঢাকা থেকে চাঁদপুর ভায়া বরিশাল হয়ে খুলনা পর্যন্ত। এই পথে প্রতিদিন সরকারি অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) একাধিক যাত্রীবাহী স্টিমার ও বেসরকারি খাতের শতাধিক যাত্রীবাহী লঞ্চ এবং মালবাহী নৌযান চলাচল করে।বিআইডব্লিউটিসি ও বেসরকারি নৌযান মালিকদের সংগঠনের একাধিক সূত্র জানায়, এ বছর তাঁদের অনেক বেশি ঝুঁকি নিয়ে নৌযান চালাতে হচ্ছে। ঈদের সময় ও ঈদের পরে চাঁদপুরসংলগ্ন মেঘনা নদীতে একাধিক নৌযান চরে আটকে পড়েছিল। ঝালকাঠি থেকে হুলারহাট পর্যন্ত সুগন্ধা নদী, গাবখান চ্যানেল ও সন্ধ্যা নদীতে চলাচল করতে হচ্ছে অত্যন্ত সতর্কতার সঙ্গে। সূত্রগুলো জানায়, সাধারণত ভাদ্র-আশ্বিন মাসে এসব নদী থাকে কানায় কানায় ভরা। এ সময় এ রকম সমস্যা হওয়ার কথা নয়। কিন্তু প্রয়োজনীয় নদী খনন (ড্রেজিং) না হওয়ায় এবার এই সমস্যা হচ্ছে।এ ছাড়া বরিশাল-পটুয়াখালী, বরিশাল-ভোলা, বরিশাল-বরগুনা প্রভৃতি নৌপথেও নিশ্চিন্ত যাতায়াত বিঘ্নিত হচ্ছে ডুবোচরের কারণে।আরেকটি গুরুত্বপূর্ণ নৌপথ মাওয়া-কাওরাকান্দি। এই পথে প্রতিদিন কয়েক শ যানবাহন ফেরিতে পারাপার হয়। কিন্তু এই পথের একাধিক স্থানে ডুবোচর সৃষ্টি হওয়ায় ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। এই পথেও ঈদের আগে ও পরে একাধিক ফেরি আটকে পড়েছিল। এর মধ্যে একটি ফেরি উদ্ধার হয় পাঁচ দিনের মাথায়।