দেশের নারীদের ভোটার হতে উদ্বুদ্ধ করতে প্রচারাভিযানে নেমেছে নয়টি বেসরকারি সংস্থা। গতকাল বৃহস্পতিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত অনুষ্ঠানে ‘সব নারী ভোটার হও’ স্লোগানের এই কর্মসূচি ঘোষণা করা হয়।
প্রচারাভিযানে অংশ নেওয়া সংস্থাগুলো হলো বাংলাদেশ মহিলা পরিষদ, বাংলাদেশ অ্যালায়েন্স ফর উইম্যান লিডারশিপ, ব্রতী, বিকশিত নারী নেটওয়ার্ক, ইলেকশন ওয়ার্কিং গ্রুপ (ইডব্লিউজি), ইনস্টিটিউট অব ইনফরমেটিকস অ্যান্ড ডেভেলপমেন্ট (আইআইডি), জাগো ফাউন্ডেশন, কাবিডাং ও খাগরাপুর মহিলা কল্যাণ সমিতি। সম্প্রতি নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকের পর বেসরকারি সংস্থাগুলো এই প্রচারাভিযানে নামার সিদ্ধান্ত নিয়েছে।
অনুষ্ঠানের ঘোষণাপত্রে জানানো হয়, ২০১৪ সালের ভোটার তালিকা হালনাগাদে ৪৪ শতাংশ নারী অন্তর্ভুক্ত হয়েছেন। অথচ ২০১১ সালের আদমশুমারি অনুযায়ী জনসংখ্যার ৪৯ দশমিক ৯৪ শতাংশ নারী। এর মানে নারীদের উল্লেখযোগ্য অংশ ভোটার হয়নি। প্রাক্কলিত হিসাব অনুযায়ী সর্বশেষ হালনাগাদে ৫ লাখ ৫৮ হাজার নারী ভোটার তালিকার বাইরে রয়েছেন। যেসব উপজেলায় নারী ও পুরুষ ভোটারের ব্যবধান বেশি, সেখানে প্রচারাভিযান চালানো হবে।
অনুষ্ঠানে মহিলা পরিষদের মালেকা বানু, বাংলাদেশ অ্যালায়েন্স ফর উইম্যান লিডারশিপের নাসিম ফেরদৌস, ইডব্লিউজির আবদুল আলীম, আইআইডির সাঈদ আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।