সব নারী শিক্ষাপ্রতিষ্ঠানে গার্ল গাইডস শাখা খোলা হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের জাতীয় কার্যালয়সহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন এবং শাপলা কাব অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে শুভেচ্ছা বিনিময় করেন। গণভবন, ঢাকা, ২৯ জুলাই। ছবি: ফোকাস বাংলা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের জাতীয় কার্যালয়সহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন এবং শাপলা কাব অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে শুভেচ্ছা বিনিময় করেন। গণভবন, ঢাকা, ২৯ জুলাই। ছবি: ফোকাস বাংলা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশব্যাপী গার্ল গাইডসের কর্মকাণ্ড আরও জোরদার ও সম্প্রসারণের লক্ষ্যে নারীদের সব শিক্ষাপ্রতিষ্ঠানে গার্ল গাইডসের শাখা খোলার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।

প্রধানমন্ত্রী রোববার বিকেলে তাঁর সরকারি বাসভবন গণভবনে বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের জাতীয় কার্যালয় বেইলি রোডের ১০তলা ভবন, বাংলাদেশ স্কাউটসের শতাব্দী ভবনসহ অন্যান্য উন্নয়ন প্রকল্প উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন এবং শাপলা কাব অ্যাওয়ার্ড প্রদান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘দেশের প্রায় সব কটি বালক বিদ্যালয়ে স্কাউটস এবং শাপলা কাব শাখা গঠন করা হয়েছে। কিন্তু মেয়েদের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে যে পরিমাণ গার্ল গাইডস শাখা খোলা হওয়া উচিত ছিল তা হয়নি।’ তিনি আরও বলেন, ‘ছোটবেলায় আমরা দেখেছি, সে সময় নারী শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে বিপুলসংখ্যক গার্ল গাইডসের শাখা চালু ছিল।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান। বাংলাদেশ স্কাউটসের সভাপতি এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক মো. আবুল কালাম আজাদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমি আপনাদের অনুরোধ জানাব, আপনারা সব শিক্ষাপ্রতিষ্ঠানে এই সংগঠনটি গড়ে তুলুন। বিশেষ করে নারীদের যতগুলো শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে, এর প্রতিটিতেই গার্ল গাইডসের শাখা খোলা প্রয়োজন বলে আমি মনে করি।’ তিনি বলেন, ‘আমাদের গণশিক্ষামন্ত্রী, শিক্ষামন্ত্রী এবং স্কাউটস ও গার্ল গাইডসের কর্মকর্তারা এখানে আছেন—তাঁরা এ ব্যাপারে উদ্যোগ গ্রহণ করবেন।’

বাংলাদেশ স্কাউটসের প্রধান জাতীয় কমিশনার মোজাম্মেল হক খান এবং বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের জাতীয় কমিশনার সৈয়দা রেহানা ইমাম অনুষ্ঠানে বক্তৃতা করেন।
স্বাগত বক্তৃতা করেন বাংলাদেশ স্কাউটসের জাতীয় কমিশনার (প্রোগ্রাম) মো. আতিকুজ্জামান।
প্রধানমন্ত্রী অনুষ্ঠানে দেশের ১২টি অঞ্চলের কাব স্কাউটসদের মধ্যে কাব স্কাউটসদের সর্বোচ্চ সম্মান ‘শাপলা কাব অ্যাওয়ার্ড’ প্রদান করে তাদের ব্যাজ পরিয়ে দেন।
৬ থেকে ১১ বছর বয়সীদের সংগঠন কাব স্কাটউসদের মধ্যে ১৮৩ জন এ বছর এই সম্মান অর্জন করে।
শেখ হাসিনা বলেন, ‘আমি মনে করি, এই প্রতিষ্ঠানগুলোর মধ্য দিয়ে ছোটবেলায় থেকেই সবার মধ্যে মানবিক গুণাবলি তৈরি হবে। তাঁদের মানবতাবোধ জাগ্রত হবে, সচেতনতা বাড়বে।’ তিনি বলেন, আজকের শিশুরাই পরবর্তী সময়ে যখন জীবন-জীবিকার জন্য কাজ করবে, তখন এই গুণগুলোই দেশের ও জাতির উন্নয়নে বিরাট অবদান রাখবে।

সরকারপ্রধান বলেন, ‘লেখাপড়ার পাশাপাশি এসব সমাজসেবামূলক কাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমি বিশ্বাস করি।’ তিনি বলেন, ‘তাই আমি মনে করি, এই সংগঠনকে আরও শক্তিশালী করা উচিত, আরও বিস্তৃত হওয়া উচিত এবং এর ফলে দেশ থেকে আমরা এই জঙ্গিবাদ, সন্ত্রাস, মাদকসহ নানা ধরনের অসামাজিক কাজ বন্ধ করতে পারব।’