
অনুমতি মেলেনি। ফলে মঞ্চও তৈরি হয়নি। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়েও কেউ নেই। গতকাল শনিবার রাত পর্যন্ত দলের সর্বশেষ বক্তব্যটি এসেছে প্রেসক্লাবে করা সংবাদ সম্মেলন থেকে। ফলে আজ রোববার বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের পূর্বঘোষিত ‘গণতন্ত্রের অভিযাত্রা’ নিয়ে সংশয় আর আতঙ্কই কেবল থাকল।
সরকারি দল প্রতিরোধের জন্য প্রস্তুত। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ‘জানমালের নিরাপত্তা’ রক্ষায় প্রস্তুত। বিএনপি যেকোনো মূল্যে কর্মসূচি পালনের জন্য প্রস্তুত। খালেদা জিয়াও কর্মসূচিতে যোগ দিতে প্রস্তুত। ৫ জানুয়ারির নির্বাচনের আগে ‘শেষ বড় কর্মসূচির জন্য প্রস্তুত’ জামায়াতও। বিএনপি-জামায়াতের নেতারা বলেছেন, ঢাকায় বাধা পেলে তাঁরা সারা দেশে ‘প্রতিরোধ’ গড়ে তুলবেন, সে প্রস্তুতিও তাঁদের আছে। সেটা সহিংসতায় রূপ নিতে পারে। এর মধ্যে অরাজনৈতিক সংগঠন বলে দাবিদার হেফাজতে ইসলামের ‘যার যার অবস্থান থেকে দায়িত্বশীল ও কার্যকর ভূমিকা পালন করার আহ্বান’ পরিস্থিতিতে নতুন মাত্রা যুক্ত করেছে। সাধারণ মানুষের আতঙ্কের কারণ সরকার ও বিরোধী পক্ষের এই পরস্পরবিরোধী প্রস্তুতি।
আগামী ৫ জানুয়ারির নির্বাচন প্রতিহত করতে আজকের মার্চ ফর ডেমোক্রেসি বা গণতন্ত্রের অভিযাত্রা। বিএনপি জানিয়েছে, দলের চেয়ারপারসন খালেদা জিয়ার উপস্থিতিতে আজ সকাল ১০টা থেকে ১১টার মধ্যে পল্টনমুখী অভিযাত্রা হবেই। এমন বক্তব্য, ভিডিও বার্তা, সংবাদ বিজ্ঞপ্তির বাইরে এই কর্মসূচি সফল করতে আর কোনো দৃশ্যমান তৎপরতা চালাতে পারেনি বা দেখা যায়নি বিএনপি-জামায়াত জোটের। গত মঙ্গলবার এই কর্মসূচি ঘোষণার পর দৃশ্যমান সব প্রস্তুতি ছিল মূলত পুলিশের এবং তা এই ‘অভিযাত্রা’ ঠেকানোর জন্য। সর্বশেষ গত রাত নয়টার দিকে খালেদা জিয়ার নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যকে সরিয়ে নেওয়া হয় বলেও দাবি এসেছে বিএনপির পক্ষ থেকে। তবে পুলিশ বলছে, তাঁর প্রটোকলে কোনো হেরফের করা হয়নি।
এর মধ্যে সরকারের একাধিক মন্ত্রী এবং সর্বশেষ সরকারি দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম এই কর্মসূচি প্রতিরোধের ডাকও দিয়েছেন। গতকাল ঢাকা মহানগর আওয়ামী লীগ বিভিন্ন ওয়ার্ডে মিছিল সমাবেশ করেছে। আজ তারা ঢাকার পাঁচটি প্রবেশমুখে অবস্থান নেবে প্রতিরোধের জন্য।
সপ্তাহে দু-এক দিনের বিরতি দিয়ে এক মাসের ‘সহিংস’ অবরোধ শেষে ঢাকায় গণতন্ত্রের অভিযাত্রার ডাক দিয়েছিল বিএনপি। সারা দেশ থেকে এসে আজ সেই অভিযাত্রার শেষ গন্তব্য হওয়ার কথা ছিল নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। কিন্তু এই অভিযাত্রা মোকাবিলা করতে গিয়ে গত দুই দিন সরকারই সড়ক, রেল ও নৌপথ কার্যত অবরোধ করে ফেলে। বিরোধী জোটের টানা অবরোধের পীড়িত, আতঙ্কিত জনগণ গত দুই দিনে আবার চরম বিড়ম্বনার শিকার হয়। এর সঙ্গে দেশব্যাপী ধরপাকড়, ঢাকায় আগেই বিরোধী দলের কর্মীরা পৌঁছে যাওয়ার আতঙ্কে শহরজুড়ে তল্লাশি এবং অভিযাত্রাকারীদের সম্ভাব্য ‘প্রতিক্রিয়া’ নিয়ে উদ্বিগ্ন-উৎকণ্ঠিত মানুষ।
গত তিন দিনে সারা দেশে এক হাজারের বেশি লোককে গ্রেপ্তার করা হয়েছে। এঁদের অধিকাংশ বিএনপি-জামায়াতের কর্মী।
বিএনপির নেতারা আশঙ্কা করছেন, সরকার হয়তো খালেদা জিয়াকে তাঁর গুলশানের বাসা থেকে বের হতে না-ও দিতে পারে। খালেদা জিয়া নিজেও এমন আশঙ্কার কথা জানিয়েছেন। গত শুক্রবার এক ভিডিও বার্তায় বলেছেন, তিনি আসতে না পারলেও দলীয় নেতা-কর্মীরা যেন কর্মসূচি সফল করেন।
তবে গতকাল জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে বিএনপির ভাইস চেয়ারম্যান হাফিজউদ্দিন আহমেদ বলেছেন, আজকের সমাবেশ হবেই এবং তাতে খালেদা জিয়া যোগ দেবেন।
বিকেলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান বলেছেন, পুরোপুরি না হলেও চেয়ারপারসন অনেকটাই গৃহবন্দী। তাঁর সঙ্গে কেউ দেখা করতে গেলে আটক করা হচ্ছে। তার পরও তিনি গণতন্ত্র রক্ষায় আজকের সমাবেশে যোগ দেবেন।
অবশ্য গত রাত ১০টার পর জাতীয় প্রেসক্লাবের একটি প্রতিনিধিদল ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশের নেতারা খালেদা জিয়ার বাসায় গেছেন। তাঁরা বেরিয়ে এসে জানান, খালেদা জিয়া কর্মসূচিতে যোগদানের সিদ্ধান্তে অটল আছেন।
তার আগে বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী বিবিসিকে বলেন, সরকারের পক্ষ থেকে খালেদা জিয়াকে যে পুলিশ দেওয়া হয়েছিল, তাদের প্রত্যাহার করা হয়েছে। তাঁর বাসার সামনে ব্যারিকেড দেওয়া হয়েছে। তাঁর গাড়ি বের করতে মানা করা হয়েছে।
তবে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বিবিসিকে বলেছেন, ‘খালেদা জিয়ার নিরাপত্তা প্রত্যাহার করা হয়নি। তাঁকে অবরুদ্ধ করা নয়, অনুরোধ করা হচ্ছে, আপনি জোর করে রাষ্ট্রকে বিপদে ফেলবেন না।’
তথ্যমন্ত্রী বলেন, ‘আমরা খালেদা জিয়ার সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা রাখি। কিন্তু আজকে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, চোরাগোপ্তা হামলা হচ্ছে। এ অবস্থায় তিনি কোনো কর্মসূচিতে গিয়ে রাজপথে বসে পড়লে সেখানে নিরাপত্তা দেওয়া কষ্টকর হয়ে পড়বে। সে ক্ষেত্রে তিনি বাসভবনে অবস্থান করাই মঙ্গলজনক।’
আজকের কর্মসূচির সমন্বয়ের দায়িত্বে থাকা বিএনপির একাধিক নেতা বলেছেন, বিএনপি-জামায়াতে ইসলামীসহ জোটের শরিক দলের অসংখ্য নেতা-কর্মী ঢাকায় পৌঁছেছেন। তাঁরা সকাল থেকেই নয়াপল্টনে যাওয়ার চেষ্টা করবেন। খালেদা জিয়া আজ যেকোনো সময় বাসা থেকে বের হওয়ার চেষ্টা করবেন।
ঢাকায় পুলিশের ব্যাপক প্রস্তুতি: ‘জানমালের নিরাপত্তা রক্ষায়’ ঢাকায় ব্যাপক প্রস্তুতি নিয়েছে পুলিশ। শুধু রাজধানীতেই মোতায়েন থাকবে ১০ হাজার পুলিশ। এ ছাড়া সাদাপোশাকে গোয়েন্দারা তো থাকবেনই। পুলিশের পাশাপাশি র্যাব থাকবে। সশস্ত্র বাহিনী ও বিজিবির সদস্যরা স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবেন।
তবে বিএনপি বলছে, এই আয়োজন তাদের কর্মসূচি ঠেকানোর জন্য হচ্ছে। তারা শুনেছে, পুলিশকে সরাসরি গুলি করার নির্দেশ দেওয়া আছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) জানায়, পুলিশ নয়াপল্টনে ঢোকার সব পথে অবস্থান নেবে। সাধারণ মানুষ এসব এলাকা হেঁটে পার হতে পারবেন, তবে কাউকে কোনো স্থানে দাঁড়াতে দেওয়া হবে না।
পুলিশের জনসংযোগ বিভাগের উপকমিশনার মাসুদুর রহমান বলেছেন, জনগণের জানমাল রক্ষার জন্য যা যা করার দরকার, পুলিশ তা-ই করবে।
খালেদা জিয়াকে নয়াপল্টনে আসতে দেওয়া হবে কি না জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক ঢাকা মহানগর পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, ‘আমরা যখন জানছি, তিনি আসলে নাশকতা হবে, তখন কেন তাঁকে মুভ করতে দেব।’
তবে সরকারের নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, খালেদা জিয়া যদি বের হয়েই যান তাহলে তাঁকে বড়জোর জাতীয় প্রেসক্লাবে আসার সুযোগ দেওয়া হতে পারে।
মূল প্রতিরোধ হবে ঢাকার বাইরে: নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির স্থায়ী কমিটির একজন সদস্য জানান, ঢাকায় কর্মসূচি করতে দেওয়া না হলে তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখাবে বিএনপি ও জামায়াত। এই প্রতিক্রিয়া ঢাকার বাইরে অনেক বেশি জোরালো হতে পারে। এই নেতা বলেন, ‘বাধা এলে কর্মসূচি আর শান্তিপূর্ণ থাকবে না। বলা যায়, নাশকতা ও সহিংসতার দিকে যাবে। বিএনপি ও জামায়াত-অধ্যুষিত এলাকাগুলোতে দলীয় নেতা-কর্মীরা এর জন্য প্রস্তুত থাকবেন।’
মাঠে থাকবে জামায়াত: কর্মসূচিতে ‘দলে-বলে’ অংশ নেওয়ার প্রস্তুতি নিয়েছে জামায়াত ও ছাত্রশিবির। ইতিমধ্যে দলের বিপুলসংখ্যক কর্মী-সমর্থক রাজধানীতে এসে পৌঁছেছেন বলে জামায়াতের দায়িত্বশীল সূত্রগুলো জানিয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ৫ জানুয়ারির নির্বাচনের আগে ‘গণতন্ত্রের অভিযাত্রা’ সরকারের বিরুদ্ধে সর্বশেষ কর্মসূচি ধরে নিয়ে জামায়াত নেতা-কর্মীদের নির্দেশনা দিয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর বাধা বা প্রতিরোধের মুখে পড়তে হতে পারে, এটা বিবেচনায় রেখেই কর্মীদের সেভাবে প্রস্তুতি নিতে বলা হয়েছে। পাল্টা প্রতিরোধ গড়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
জানতে চাইলে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও সাংসদ হামিদুর রহমান আযাদ প্রথম আলোকে বলেন, সভা-সমাবেশ গণতান্ত্রিক অধিকার। জনগণ যেকোনো মূল্যে এ অধিকার প্রতিষ্ঠা করবে।
পরোক্ষ সমর্থন হেফাজতের: প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল জয়নাল আবেদীন গতকাল সকালে হেফাজতের আমির শাহ আহমদ শফীর সঙ্গে চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসায় গিয়ে দেখা করেন। তিনি আজকের কর্মসূচিতে হেফাজত-সংশ্লিষ্ট ইসলামি দলগুলোকে অংশগ্রহণ করা থেকে বিরত রাখার জন্য অনুরোধ করেন।
হেফাজতের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাঈনুদ্দীন রুহী বলেন, অনুরোধের জবাবে আহমদ শফী বলেছেন, এ কর্মসূচিতে অংশগ্রহণ করা না-করা হেফাজত-সমর্থিত ইসলামি দলগুলোর নিজস্ব ব্যাপার।
তবে সন্ধ্যা সাড়ে সাতটায় শাহ আহমদ শফী ‘দেশ, জাতি ও ইমান রক্ষায় এগিয়ে আসুন’—এ আহ্বান জানিয়ে গণমাধ্যমে একটি খোলা চিঠি পাঠান। তাতে তিনি বর্তমান ভয়াবহ পরিস্থিতির জন্য আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সরকারকে দায়ী করেন। চিঠিতে বলা হয়, ‘দেশে বর্তমানে যে অবস্থা বিরাজ করছে, তাতে দেশের কোনো নাগরিকই চুপ করে বসে থাকতে পারে না। এ অবস্থায় যার যার অবস্থান থেকে দায়িত্বশীল ও কার্যকর ভূমিকা পালন করার আহ্বান জানাচ্ছি।’
আ.লীগ ও সরকারের পাল্টা প্রস্তুতি: রাজধানীতে আজ আওয়ামী লীগের নেতা-কর্মীরা সক্রিয় থাকবেন। আওয়ামী লীগের নেতারা জানান, সকাল থেকেই নেতা-কর্মীরা রাজধানীর গাবতলী, টঙ্গী ব্রিজ, সদরঘাট, কমলাপুর রেলস্টেশন, যাত্রাবাড়ী—এই পাঁচটি প্রবেশদ্বারে থাকবেন। নেতা-কর্মীদের রাজপথে থাকার আহ্বান জানিয়ে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘আমরা কোনো আক্রমণ করব না। তবে জনগণের জানমালের নিরাপত্তা বিঘ্নিত হলে প্রতিহত করা হবে।’