সব পক্ষকে সন্তুষ্ট রাখতে...
সব পক্ষকে সন্তুষ্ট রাখতে দিনাজপুরের ফুলবাড়ী পৌরসভা মেয়র প্রায় ১৫ লাখ টাকার কাজ ভাগ করে দিয়েছেন। বিষয়টির সত্যতা স্বীকার করে পৌর মেয়র মো. শাহজাহান আলী সরকার জানান, সম্ভবত এটাই তাঁর শেষ টেন্ডার, তাই সবাইকে সন্তুষ্ট রাখতে তিনি এ কাজ করেছেন।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০১০-১১ অর্থবছরের বার্য়িক উন্নয়ন-সহায়তা তহবিল থেকে পৌরসভার রাস্তা, নর্দমা, কালভার্ট, ধর্মীয় প্রতিষ্ঠান উন্নয়ন ও সংস্কারের জন্য ৫০ লাখ ৩১ হাজার ৬৯০ টাকা বরাদ্দ দেওয়া হয়। ৪৫টি প্রকল্প করে পৌর কর্তৃপক্ষ ওই কাজের জন্য গত ১৮ অক্টোবর দরপত্র আহ্বান করে। ৯ নভেম্বর ছিল দরপত্রের সিডিউল বিক্রির শেষ দিন। পৌরসভার কার্যালয় সূত্রে জানা গেছে, মেয়রের নির্দেশে দরপত্রের ১, ৬, ২১, ২৪, ২৫, ২৮, ৩২, ৩৩, ৩৬, ৪০ ও ৪৩ নম্বর প্রকল্পগুলোর সিডিউল বিক্রি করা হয়নি। ওই প্রকল্পগুলোর মধ্যে আওয়ামী লীগকে দুটি, বিএনপিকে দুটি, জাতীয় পার্টিকে দুটি, পৌর কর্তৃপক্ষকে একটি, মেয়র একটি এবং মেয়রের শুভাকাঙ্ক্ষী তিনজনকে একটি করে দেওয়া হয়। দরপত্র কমিটির সচিব ভরত চন্দ্র পাল বলেন, পৌর মেয়রের নির্দেশে ১১টি (প্রায় ১৫ লাখ টাকা) প্রকল্পের সিডিউল বিক্রি বন্ধ রাখা হয়। মেয়র নির্বাহী ক্ষমতার অধিকারী। সরকারের রাজস্ব ক্ষতি ও অনিয়ম ঠেকানোর চেষ্টা করলেও তিনি পারছেন না।মেয়র মো. শাহজাহান আলী সরকার বলেন, ‘মেয়র হিসেবে আমার মেয়াদ প্রায় শেষের দিকে। রাজনৈতিক দলগুলোর খরচ চালানোর জন্য নেতারা কাজ চেয়েছিলেন। তাঁদের সন্তুষ্ট রাখতে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টিকে ছয়টি কাজ দেওয়া হয়েছে। পৌর কর্মচারীরাও আশা করেন, এ কারণে তাঁদেরও একটি কাজ দিয়েছি। মন্ত্রণালয় থেকে বরাদ্দ আনতে খরচ লাগে, সে জন্য কিছু কাজ নিজের পছন্দের ঠিকাদারকে দিতে হয়েছে।’