ট্রাইব্যুনালের রায়ের আপিল নিষ্পত্তি প্রসঙ্গে আইনমন্ত্রী
সব পক্ষকে সমান সুযোগ দিয়ে রায় দেবেন আপিল বিভাগ
আইনমন্ত্রী শফিক আহমেদ বলেছেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে যে আপিল হয়েছে, তা বিচার-বিশ্লেষণ করে উভয় পক্ষকে সমান সুযোগ দিয়ে আপিল বিভাগ রায় দেবেন। আইনকে তার নিজস্ব গতিতে চলতে দিতে হবে।গতকাল বুধবার ‘প্লি বার্গেনিং’বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানের পর আইনমন্ত্রী সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন। বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের সহযোগিতায় যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ রাজধানীর একটি হোটেলে এ কর্মশালার আয়োজন করে।সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী আরও বলেন, আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) আইনে আপিল নিষ্পত্তির সময়সীমার যে বিধান আছে, তা আপিল বিভাগের জন্য বাধ্যতামূলক নয়, নির্দেশনামূলক। বর্ধিত সময় নিয়ে মামলা নিষ্পত্তি করতে সর্বোচ্চ আদালতের অন্তর্নিহিত ক্ষমতা আছে। এ নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই।সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শফিক আহমেদ বলেন, প্রচলিত বিচারব্যবস্থায় মামলা নিষ্পত্তির দীর্ঘসূত্রতার জন্য আদালতে মামলাজট সৃষ্টি হচ্ছে। প্লি বার্গেনিং-ব্যবস্থা আদালতে মামলাজট ও কারাগারে বিচারাধীন বন্দীর সংখ্যা কমাতে সহায়ক হবে।১৭ জুন থেকে তিন দিনব্যাপী এ কর্মশালায় ২৫ জন বিচারক ও ১৫ জন আইনজীবী অংশ নেন। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের দুজন আইনজীবী এবং যুক্তরাষ্ট্রের একজন ঊর্ধ্বতন বিচারক কর্মশালায় প্রশিক্ষণ দেন। ঢাকায় মার্কিন দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন জন ড্যানিলোভিচের সভাপতিত্বে কর্মশালার সমাপনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন দূতাবাসের আবাসিক আইন উপদেষ্টা লুইস গ্যাবেল। বিজ্ঞপ্তি।