সব পক্ষের সঙ্গে আলোচনা করেই তিস্তা চুক্তি হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সব পক্ষের সঙ্গে আলোচনা করেই তিস্তা চুক্তি হবে বলে মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গোপাল বাগলে। তিস্তা চুক্তি নিয়ে কিছু জানানো হয়নি, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এমন মন্তব্যের পরদিন গোপাল বাগলে এ কথা বললেন।
মমতা বন্দ্যোপাধ্যায় গত বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের টেলিভিশন চ্যানেল এবিপি আনন্দের ‘মুখোমুখি মুখ্যমন্ত্রী’ শীর্ষক অনুষ্ঠানে তিস্তা চুক্তি নিয়ে বলেন, ‘শুনছি ২৫ মে বাংলাদেশে গিয়ে তিস্তা চুক্তি হবে। অথচ আমি এখনো কিচ্ছু জানি না। ওরা (ভারতের কেন্দ্রীয় সরকার) আমাদের না জানিয়ে ইচ্ছেমতো করে।’
মমতার এই মন্তব্য নিয়ে প্রশ্ন করা হলে গোপাল বাগলে বলেন, মুখ্যমন্ত্রীর বক্তব্য নিয়ে তিনি কোনো মন্তব্য করতে রাজি নন। তবে সরকার সব সময় রাজ্যগুলোর সঙ্গে আলোচনার ভিত্তিতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন ভারত সফর নিয়ে গোপাল মুখপাত্র বলেন, ‘প্রকৃত অর্থেই এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুই দেশের সম্পর্ক এই সফরে আরও দৃঢ় হবে। দুই দেশই উপকৃত হবে।’
এদিকে ভারতের ইকোনমিক টাইমস পত্রিকা গতকাল এক প্রতিবেদনে বলেছে, তিস্তা চুক্তি নিয়ে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার ও ভারতের কেন্দ্রীয় সরকার মতৈক্যে নেই। ফলে এই চুক্তির ফলে চুক্তির বিষয়টি এখনো অনিশ্চিত। প্রতিবেদনে বলা হয়, এপ্রিলের প্রথম সপ্তাহে শেখ হাসিনার সফরের সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তিস্তার পানিবণ্টন চুক্তি ও গঙ্গা ব্যারেজ প্রকল্পের খসড়া উপস্থাপন করতে পারেন।
পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের এক কর্মকর্তা ইকোনমিক টাইমসকে বলেন, চুক্তির খসড়া নিয়ে আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিক কোনোভাবেই রাজ্য সরকারের সচিবালয়ের কেউ যোগাযোগ করেননি।