সব পথ মিলেছে দেওভোগে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গতকাল বিকেল সাড়ে চারটার পর থেকে যখন একে একে বিভিন্ন কেন্দ্রের ফলাফল ঘোষিত হচ্ছিল, আর সেলিনা হায়াৎ আইভীর সঙ্গে প্রতিদ্বন্দ্বী শামীম ওসমানের ভোটের পার্থক্য প্রকাশ হচ্ছিল, তখনই দলে দলে মানুষ বাড়ি থেকে বেরিয়ে আসতে থাকে। দেওভোগে আইভীর বাড়ির সামনে তৈরি হয় জনস্রোত। তারা হাততালি দিয়ে, উচ্ছ্বাস জানিয়ে, পরস্পর আলিঙ্গন করে বিজয়োল্লাস করে।সারা দিনই আইভী বিপুলসংখ্যক মানুষের ভালোবাসায় সিক্ত হন। সকাল সাড়ে আটটায় ফিরোজা রঙের শাড়ি পরে আইভী যখন বাড়ি থেকে বেরিয়ে আসেন, তখন তাঁকে আত্মপ্রত্যয়ী দেখাচ্ছিল। ভোট দিতে যাওয়ার আগে তিনি মাসদাইর কবরস্থানে তাঁর বাবা আলী আহাম্মেদ চুনকার কবর জিয়ারত করেন। এরপর দেওভোগে তাঁর বাড়ির পেছনে শিশুবাগ বিদ্যালয়কেন্দ্রে গিয়ে ভোট দেন তিনি। আইভী যখন তাঁর দুজন কর্মী নিয়ে ভোট কেন্দ্রে উপস্থিত হন তখন বিপুলসংখ্যক মানুষ তাঁকে স্বাগত জানান। সাধারণ মানুষের এই স্বতঃস্ফূর্ত সমর্থন অব্যাহত ছিল বন্দর ও সিদ্ধিরগঞ্জেও। বন্দর এলাকার বি এম ইউনিয়ন উচ্চবিদ্যালয় কেন্দ্রের বাইরে ৭০ বছর বয়সী বৃদ্ধ উম্মে সালমা আইভীর সঙ্গে একটি ছবি তোলার জন্য দীর্ঘ সময় অপেক্ষা করেন। সিদ্ধিরগঞ্জে আইভীর গাড়ি থামিয়ে সাধারণ মানুষ বলেন, ‘আপা, আমরাই আপনার সেনাবাহিনী।’ রাত ১০টার সময় সেলিনা হায়াৎ আইভীর বাসার সামনে দাঁড়ানো এক সমর্থক ব্যবসায়ী হাজি কলিমুল্লাহ বলেন, তাঁরা মনের আনন্দে দেওভোগের এই বাড়িটির সামনে দাঁড়িয়ে আছেন। কেউ তাঁদের আসতে বলেনি। চূড়ান্ত ফলাফল ঘোষণার পর তাঁরা বাড়ি ফিরবেন। পেশায় চিকিৎসক আরেক ব্যক্তি বলেন, ‘প্রমাণ হলো, জনতার শক্তিই বড় শক্তি। মানুষ সৎ, যোগ্য প্রার্থী খুঁজে নিতে শিখেছে।’ আইভীর বাড়ির সামনে জড়ো হন বিভিন্ন বয়সী নারীরাও। সুলতানা আক্তার বলেন, তাঁরা পাশের বাড়ির মেয়েটিকে একনজর দেখবেন বলেই সন্তান এবং শাশুড়িকে নিয়ে অপেক্ষা করছেন।আইভী অভাবিত এই জয়কে জনগণের জয় উল্লেখ করে তা জনতাকেই উৎসর্গ করেছেন।আইভী নির্বাচনে আওয়ামী লীগের সমর্থন চেয়েছিলেন। কিন্তু দল তাঁকে বাদ দিয়ে সমর্থন দেয় বিতর্কিত নেতা শামীম ওসমানকে। দলীয় সমর্থন না পেয়ে আইভী ১৯৭৪ সালে তাঁর বাবার গড়া সেই ইতিহাস আবার মঞ্চস্থ করলেন।